শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) কর্মকর্তাদের উদ্দেশে বলেছেন, এখানে কারা কতদিন কাজ করেছেন, কী দায়িত্ব পালন করেছেন এবং ভবিষ্যতে কী করবেন তা রিপোর্ট করতে হবে। এ ছাড়া কর্মকর্তাদেরকে স্পষ্ট করতে হবে, এখানে এসে কী অর্জন করেছেন এবং কী পরিকল্পনা করছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) মাউশি সভাকক্ষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী আরও বলেন, রোজা শেষ হওয়ার পর সপ্তাহে ২-৩ দিন আমি মাউশিতে আসব। আমি সব খোঁজ নেব, কে কী কাজ করছেন। একই সঙ্গে কী করবেন ও কার টেবিলে কী হচ্ছে এসব বিষয়।
তিনি এ সময় আরও বলেন, আমি কী চাই এটা আপনাদের বোঝাতে চাই না, আমাদের কী করতে হবে সেই এক্সাম্পল আমি দিয়েই আসতেছি। সেখান থেকে কাজটা এক্সপ্ল্যানাইড করতে হবে।
শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বদলি ও তদবিরের বিষয়ে মন্ত্রী কড়া অবস্থান নেন। তিনি বলেন, আমি সবকিছু মূল্যায়ন করব, বদলি নিয়ে আসা তদবিরগুলো রেড মার্ক করা হবে।
মন্ত্রী কর্মকর্তাদের উদ্দেশ্য আরও বলেন, আপনারা শিক্ষক, অন্য জায়গা থেকে এখানে এসেছেন। শিক্ষকদের সঙ্গে কীভাবে কথা বলতে হয়, কীভাবে বিষয়গুলো এড্রেস করতে হয়, তা আপনাদের ভালো জানা উচিত।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন