শিক্ষাবিদ থেকে শুরু করে সব শ্রেণির মানুষই মনে করেন, শিক্ষকদের বেতন সবচেয়ে বেশি হওয়া জরুরি। শিক্ষার উন্নয়ন করতে চাইলে এটি জরুরি। তবে দেশের প্রেক্ষাপটে এমপিভুক্ত শিক্ষকদের বেতন অনেক কম। চিকিৎসা ভাতাসহ অন্যান্য সুবিধাও খুবই সামান্য।
তারাসহ সব শিক্ষকের সুযোগ-সুবিধা ও মর্যাদা বৃদ্ধি করতে উদ্যোগী হবেন বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।
ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, বর্তমান গণতান্ত্রিক সরকারের নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নির্বাচনি ম্যানিফেস্টোর একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে সুশিক্ষায় মেধাবী শিক্ষক। আপনাকে যদি সুশিক্ষা নিশ্চিত করতে হয়, তাহলে মেধাবী শিক্ষক লাগবে। আর মেধাবী শিক্ষক চাইলে তার জন্য সুবিধাদি নিশ্চিত করতে হবে। যথাযোগ্য সুবিধা নিশ্চিত করতে হবে।
শিক্ষকতা পেশায় তরুণ প্রজন্মকে আকৃষ্ট করতে হবে উল্লেখ করে তিনি বলেন, এ জন্য সুবিধা দরকার, মর্যাদা দরকার, সামাজিক এবং আর্থসামাজিক মর্যাদা বৃদ্ধি দরকার, সেগুলোর দিকে অবশ্যই মনোযোগ দেওয়া দরকার। সেক্ষেত্রে আমরা মনে করি, শুধু বেসরকারি শিক্ষক নয়, সব পর্যায়ের শিক্ষকেরই একটি সামাজিক অবস্থান থাকা উচিত।
তিনি বলেন, তার আর্থসামাজিক অবস্থা যাতে এমন হয়, তাকে যেন অপরের মুখাপেক্ষ না হতে হয়। তিনি যাতে তার মর্যাদা নিয়ে কাজ করতে পারেন। তিনি যাতে তার অবস্থানটুকু নিশ্চিত করে। নিজেদেরকে শিক্ষকতা পেশায় আরও অধিকতর মনোযোগী হতে পারেন।
ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল আরও বলেন, বেসরকারি শিক্ষক, সরকারি শিক্ষক, প্রাথমিক শিক্ষকদের বা অন্যান্য পর্যায়ের শিক্ষকদের মধ্যে দেখবেন হতাশা কাজ করে। কারণ তারা বলে, আমরা তো বিশেষ করে যারা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে আসে, তারা বলে আমরা কম্পিটিটিভ পরীক্ষার মাধ্যমে নিজেদেরকে যোগ্য প্রমাণ করে শিক্ষকতা পেশায় এসেছি। তাহলে আমাদের যেই ডেডিকেশন থাকা উচিত সেই ডেডিকেশন দিতে হলে আমাদের সামাজিক অবস্থান আর্থিক অবস্থান নিশ্চিত করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান তার নির্বাচনি ম্যানিফেস্টোতে শিক্ষকদের জন্য অনেকগুলো নির্বাচনি অঙ্গীকার রেখেছেন। শিক্ষকদের প্রশিক্ষণ, উন্নত দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে টিচারস স্টুডেন্ট এক্সচেঞ্জ প্রোগ্রামসহ নানাবিধ কর্মসূচি রেখেছেন। আমরা বিশ্বাস করি, আগামী দিনে শিক্ষকরা তাদের কোয়ালিটি বৃদ্ধি করে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদা সম্পন্ন শিক্ষক নিয়োগের মাধ্যমে গুণগত শিক্ষক শিক্ষা নিশ্চিত করতে আমরা সক্ষম হব।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন