ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ১২:০০ পিএম
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। ছবি : সংগৃহীত

দেশের সব গ্রামে এখনো প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।

বুধবার (৮ এপ্রিল) জাতীয় সংসদের প্রথম অধিবেশনে লিখিত প্রশ্নোত্তরে তিনি জানান, সারা দেশে ২ হাজার ৮৪৭টি গ্রামে এখনো কোনো প্রাথমিক বিদ্যালয় নেই।

ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন জানতে চান, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় রয়েছে কি না। পাশাপাশি বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা এবং এসব এলাকায় নতুন বিদ্যালয় প্রতিষ্ঠায় সরকারের কোনো পরিকল্পনা আছে কি না সেই বিষয়েও ব্যাখ্যা চান তিনি।

জবাবে শিক্ষামন্ত্রী বলেন, দেশের প্রতিটি গ্রামে প্রাথমিক বিদ্যালয় এখনো গড়ে ওঠেনি। বিভাগভিত্তিক হিসাবে বিদ্যালয়বিহীন গ্রামের সংখ্যা ঢাকা বিভাগে ৭১৭টি, চট্টগ্রাম বিভাগে ৮১৮টি, রাজশাহী বিভাগে ৩৫৫টি, রংপুর বিভাগে ৩৭টি, খুলনা বিভাগে ৩৪৯টি, বরিশাল বিভাগে ৪৫টি, সিলেট বিভাগে ২৬০টি এবং ময়মনসিংহ বিভাগে ২৬৬টি। সব মিলিয়ে মোট ২ হাজার ৮৪৭টি গ্রামে প্রাথমিক বিদ্যালয় নেই।

তিনি আরও জানান, ভবিষ্যতে এসব গ্রামে বিদ্যালয় স্থাপনের প্রস্তাব পাওয়া গেলে প্রয়োজনীয়তা ও সংশ্লিষ্ট শর্ত বিবেচনা করে উদ্যোগ নেওয়া হবে। সরকার ধাপে ধাপে শিক্ষা অবকাঠামো সম্প্রসারণে কাজ করছে বলেও উল্লেখ করেন তিনি।