এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ও প্রধানদের বদলি কার্যক্রমে অবশেষে গতি ফিরেছে। বদলির ফাইল অনুমোদনের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের টেবিলে ওঠানো হয়েছে। অনুমোদনের জন্য সেটি শিক্ষামন্ত্রীর দপ্তরেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।
আজ মঙ্গলবার (০৫ মে) যেকোনো সময় বদলির ফাইলে স্বাক্ষর হতে পারে। এমনকি সংশোধিত নীতিমালাও প্রকাশ হতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের বিশ্বস্ত একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে গত ২৫ এপ্রিল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানদের জন্য সমন্বিত বদলি সফটওয়্যার নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। এ সময় শিক্ষামন্ত্রী বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা করতে যাচ্ছি ও সফটওয়্যার করতে যাচ্ছি। এটা করলে মূলত যারা এনটিআরসিএর মাধ্যমে নিয়োগ সুপারিশ পাচ্ছেন, তারা নিজ জেলায় যাওয়ার সুযোগ পাবেন।
প্রসঙ্গত, বেসরকারি শিক্ষকদের বদলি নিয়ে উদ্যোগ নেয় শিক্ষা মন্ত্রণালয়। এরই ধারবাহিকতায় শুধু এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের নয়, সর্বজনীন বদলি এক সফটওয়্যারে করার কার্যক্রম শুরু করা হয়। সফটওয়্যার তৈরির দায়িত্ব পায় টেলিটক লিমিটেড। অবশেষে সেই সংশোধিত নীতিমালা প্রকাশ হতে যাচ্ছে।
জানা গেছে, এনটিআরসিএর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের আগে বদলির কোনো সুযোগ ছিল না। প্রকাশিত গণবিজ্ঞপ্তিতে আবেদন করে তারা প্রতিষ্ঠান পরিবর্তনের সুযোগ পেতেন। প্রথম থেকে তৃতীয় গণবিজ্ঞপ্তি পর্যন্ত ইনডেক্সধারী শিক্ষকরা এই সুযোগ পেলেও চতুর্থ গণবিজ্ঞপ্তি থেকে শিক্ষা মন্ত্রণালয় তাদের আবেদন করার সুযোগ বন্ধ করে দেয়।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন