রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী লামিসা নওরীন পুষ্পিতা (২১)-কে নগরীর বিনোদপুর বাজারে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। তিনি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে বেতার মাঠের লেবুবাগান এলাকার বাদশা মেস থেকে লামিসাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি।
মরদেহ বর্তমানে রামেক হাসপাতালে মর্গে রাখা হয়েছে। তার বাড়ি ঝিনাইদহে। লামিসার বাবার নাম কুদরত উল্লাহ বিপ্লব।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কামাল আজাদ জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। নিহতের বাবাকে খবর দেওয়া হয়েছে এবং তারা ঘটনাস্থলে রওনা হয়েছেন। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ সুনির্দিষ্টভাবে জানা যায়নি।
ওসি আরও জানান, পরিবার আসলে মরদেহের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবেন। এ ঘটনায় থানায় মামলা হবে। আইনগত প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


