ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইসির সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বৈঠক আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৯:২১ এএম
নির্বাচন কমিশন। ছবি : সংগৃহীত

নির্বাচন ও গণভোট সামনে রেখে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যক্রম সমন্বয় করার জন্য আজ রোববার (১১ জানুয়ারি) আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করবে নির্বাচন কমিশন (ইসি)। 

সভায় সভাপতিত্ব করবেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। এতে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট দপ্তর, বিভাগ, বাহিনী ও সংস্থার প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।

ইসির উপসচিব মো. মনির হোসেন এ-সংক্রান্ত দেওয়া এক বিজ্ঞপ্তিতে শনিবার (১০ জানুয়ারি) বিষয়টি জানিয়েছেন।

এতে উল্লেখ করা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ জানুয়ারি সকাল ৯টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষ (কক্ষ নম্বর-৫২০), নির্বাচন ভবন, আগারগাঁও, ঢাকায় আইনশৃঙ্খলা-সংক্রান্ত কার্যাবলির সমন্বয় সাধনের জন্য একটি সভা অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অব.) সভায় সভাপতিত্ব করবেন।

বৈঠকে সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ডের মহাপরিচালক, কোস্টগার্ডের মহাপরিচালক, পুলিশের মহাপরিদর্শক, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি) মহাপরিচালক, জাতীয় নিরাপত্তা ও গোয়েন্দা অধিদপ্তরের মহাপরিচালক, ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই) মহাপরিচালক, জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টারের (এনটিএমসি) মহাপরিচালক, র‍্যাবের মহাপরিচালকসহ সংশ্লিষ্টদের প্রতিনিধি উপস্থিত থাকবেন।