নিবন্ধনের দাবিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও নির্বাচন কমিশনের (ইসি) জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের কুশপুত্তলিকায় ডিম নিক্ষেপ করেছেন বাংলাদেশ আমজনগণ পার্টির ক্ষুব্ধ নেতাকর্মীরা।
শনিবার (৩১ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাচন ভবনের সামনে তারা এই ক্ষোভ প্রকাশ করেন। দলটির সদস্য সচিব ফাতেমা তাসনিমের নেতৃত্বে ইসি সংক্রান্ত দুই-তিনশ নেতাকর্মী জড়ো হয়ে নিবন্ধনের জন্য অবস্থান নেন।
আন্দোলনকারীরা ইসির বিরুদ্ধে নিবন্ধন না দেওয়ার কারসাজির অভিযোগ তুলে নানা স্লোগান দেন। এ সময় তাদের বলতে শোনা যায়, ‘হয় নিবন্ধন দিবি, নইলে গদি ছাড়বি’। তারা সিইসি ও ইসি সচিবের পদত্যাগ দাবি করেন।
বিক্ষুব্ধদের শান্ত করার জন্য পুলিশ ইসির সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেয়। পরে ফাতেমা তাসনিমের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন ভবনে স্মারকলিপি দিতে গেলে নির্বাচন শাখার একজন উপসচিব তাদের স্মারকলিপি গ্রহণ করতে চান।
তবে আম জনগণ পার্টির নেতারা তার হাতে স্মারকলিপি দিতে অস্বীকৃতি জানান এবং সচিব বা সিইসি ছাড়া অন্য কারো হাতে তা দেবেন না বলে বেরিয়ে আসেন।
এরই মধ্যে সেনাবাহিনী এসে নির্বাচন ভবনে সতর্ক অবস্থান নেয়। ইসিতে প্রবেশের কড়াকড়ি আরোপ করা হয়। এ অবস্থায় ভবনের সামনে নেতাকর্মীদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত ভাষণে ফাতেমা তাসনিম বলেন, পুলিশ তাদের সঙ্গে তামাশা করেছে। তারা ইসি সচিবের সঙ্গে সাক্ষাৎ করিয়ে দেওয়ার নাম করে নির্বাচন ভবনে নিয়ে গিয়ে একজন উপসচিবের কাছে স্মারকলিপি দিতে বলে। আমরা তার কাছে স্মারকলিপি না দিয়ে ফিরে এসেছি।
ফাতেমা বলেন, যতক্ষণ নির্বাচন কমিশন তাদের নিবন্ধন না দেবেন, ততক্ষণ অবস্থান কর্মসূচি থেকে একচুলও সরবেন না। আগামী ৪৮ ঘণ্টার অবস্থান করব।
এ সময় তার নেতৃত্বে সিইসি ও ইসি সচিবের কুশপুত্তলিকায় পচা ডিম নিক্ষেপ, জুতা নিক্ষেপ করেন নেতাকর্মীরা। পরে এতে অগ্নিসংযোগ করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় কুশপুত্তলিকা দুটো অন্যত্র সরিয়ে নেয় পুলিশ।



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন