ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আনসার-ভিডিপির সহায়তায় ভোট দিলেন ৮৫ বছরের বৃদ্ধ

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি 
প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬, ০৯:৫৭ এএম
বৃদ্ধকে সহায়তা করছেন আনসার-ভিডিপির সদস্যরা। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনার ভাঙ্গুড়া উপজেলায় উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়েছে। এদিন সকাল সাড়ে ৯টার দিকে ভোটকেন্দ্রে প্রবেশের পর আনসার-ভিডিপি সদস্যদের কোলে চড়ে ভোট দেন বৃদ্ধ ছোরাপ উদ্দিন শেখ (৮৫)।

ভাঙ্গুড়া উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, শীত উপেক্ষা করেই সকাল সকাল ভোট দিতে আসছেন ভোটাররা। তবে পুরুষ ভোটারের চেয়ে নারী ভোটারের উপস্থিতি বেশি।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে ভাঙ্গুড়া উপজেলার পাঁচ বেতুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে আনসার-ভিডিপি সদস্যদের এই মানবিকতা চোখে পড়ে।

বার্ধক্যজনিত রোগে অসুস্থ হয়ে ভালোভাবে হাঁটতে পারেন না ছোরাপ উদ্দিন শেখ। পায়ে চলার শক্তি খুব একটা নেই, কানেও কম শোনেন। তবে ভোট দেওয়ার প্রতি তার খুব আগ্রহ ছিল, তাই নিজের ভোট দিতে এসেছেন তিনি। 

শান্তিপূর্ণ পরিবেশে নিজের ভোট দেওয়ার পর ছোরাপ উদ্দিন শেখ জানান, আমি খুব অসুস্থ তাই ভ্যান থেকে নেমে বুথে যেতে পারছিলাম না। সিঁড়ি বেয়ে উঠতে না পেরে অনেকটা সময় বসে ছিলাম। এ অবস্থা দেখে দুজন আনসার সদস্য আমাকে ভোট দিতে সহযোগিতা করায় আমি ভোট দিতে পেরেছি।

ভাঙ্গুড়া উপজেলার পাঁচ বেতুয়ান সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং অফিসার অসীম কুমার রূপালী বাংলাদেশকে বলেন, উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। অপ্রীতিকর যেকোনো পরিস্থিতি মোকাবিলায় ম্যাজিস্ট্রেটসহ পুলিশ ও আনসার-ভিডিপি সদস্য মোতায়েন রয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।