৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনা ভারতে চলে যান। সরকার পতনের পর উচ্ছ্বাসে ফেটে পড়েন সারাদেশের মানুষ। ঘটেছে অপ্রীতিকর ঘটনাও। ভাঙচুর করা হয়েছে দেশের প্রথম ও সর্ববৃহৎ মাল্টিপ্লেক্স স্টার সিনেপ্লেক্সের একটি শাখা। গত ৫ আগস্ট এটি ঘটেছে রাজশাহীর বঙ্গবন্ধু হাইটেক পার্কে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন ও মিডিয়া) মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘রাজশাহীতে বঙ্গবন্ধু হাইটেক পার্কে আমরা স্টার সিনেপ্লক্সের একটা শাখা চালু করেছিলাম। সেটি রাজশাহী শহর থেকে বেশ দূরে বঙ্গবন্ধু হাইটেক পার্কে অবস্থিত। ক্ষমতার পালাবদলের পর হাইটেক পার্কে একদল দুর্বৃত্ত হামলা করে। এই ফাঁকে সুযোগ সন্ধানী ও লুটের তালে থাকা কিছু মানুষ স্টার সিনেপ্লেক্স ভাঙচুর করে।’
অন্যদিকে, শেখ হাসিনার পদত্যাগের পর ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরে হামলা চালায় দুর্বৃত্তরা। ওই সড়কেই থাকতেন জলের গানের অন্যতম সদস্য রাহুল আনন্দ। সেসময় তার বাড়িতেও ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এক কাপড়ে বাসা থেকে বের করে দেওয়া হয় রাহুল ও তার স্ত্রী-পুত্রকে। পুরিয়ে ফেলা হয়েছে রাহুলের হাতে তৈরি হাজার খানেক বাদ্যযন্ত্র।

