ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিয়ের পিঁড়িতে পার্থ শেখ, পাত্রী কে

রূপালী ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২৬, ০৭:০৭ পিএম
পার্থ শেখ ও সামিহা রহমান। ছবি: সংগৃহীত

নির্মাতা থেকে অভিনয়ে এসে অল্প সময়েই দর্শকের নজর কাড়তে সক্ষম হয়েছেন পার্থ শেখ। ভিন্নধর্মী নাটক ও ওয়েব ফিল্মে কাজ করে পরিচিতি পাওয়া এই তরুণ অভিনেতা এবার ব্যক্তিজীবনের নতুন অধ্যায় শুরু করলেন। দীর্ঘদিনের প্রেমের পর বৃহস্পতিবার (৮ জানুয়ারি) আনুষ্ঠানিকভাবে বিয়ে সম্পন্ন করেছেন তিনি।

পার্থ শেখের জীবনসঙ্গী হয়েছেন তার দীর্ঘদিনের প্রেমিকা সামিহা রহমান। জানা গেছে, ঢাকার নিকুঞ্জে একটি কনভেনশন সেন্টারে ঘরোয়া আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি বিনোদন অঙ্গনের ঘনিষ্ঠ বন্ধু ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

পেশাগত জীবনে সামিহা রহমান একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সহপ্রতিষ্ঠাতা। দীর্ঘদিন ধরেই পার্থ ও সামিহা তাদের সম্পর্কের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিতেন। সেই ভালোবাসার পরিণতিতেই এবার তারা বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

বিয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, হাস্যোজ্জ্বল পার্থ ও সামিহা একসঙ্গে পোজ দিচ্ছেন। ছবিগুলোতে তাদের পাশে পরিবারের সদস্য ও কাছের বন্ধুরাও উপস্থিত ছিলেন। দুই পরিবারের সম্মতিতেই সীমিত পরিসরে বিয়ের আয়োজন করা হয় বলে জানা গেছে।

পার্থ শেখের বিয়ের ছবি শেয়ার করে নির্মাতা রাফাত মজুমদার শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘নতুন জীবন সুন্দর হোক।’ শোবিজ অঙ্গনের সহকর্মী ও ভক্তরাও সামাজিক যোগাযোগমাধ্যমে নবদম্পতিকে অভিনন্দন জানিয়েছেন।

উল্লেখ্য, নির্মাণ দিয়ে ক্যারিয়ার শুরু করলেও গত দুই বছরে মডেলিং ও অভিনয়ের মাধ্যমে পার্থ শেখের পরিচিতি আরও বিস্তৃত হয়েছে। নাটকের পাশাপাশি ওয়েব সিরিজেও নিয়মিত কাজ করছেন তিনি। নতুন জীবনে পা রাখার পর ভক্তদের প্রত্যাশা—ব্যক্তিগত সুখের পাশাপাশি পর্দায়ও আরও ভিন্নধর্মী কাজ উপহার দেবেন এই অভিনেতা।