গত কয়েকদিন ধরে খবরের শিরোনামে দ্বিতীয়বার মা হচ্ছেন বহুল আলোচিত ও সমালোচিত চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। তার সাম্প্রতিক বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিতি সেই জল্পনা উসকে দিচ্ছে। শোবিজে যখন এমন গুঞ্জন ছড়িয়ে পড়েছে, ঠিক সে মুহূর্তেই সাংবাদিকদের প্রশ্নে রহস্যময় উত্তর দিলেন এই অভিনেত্রী।
সম্প্রতি একটি সুন্দরী প্রতিযোগিতার অনুষ্ঠানে সাদা পোশাকে উপস্থিত হন বুবলী। সেখানে বুবলীর পোশাক, হাঁটাচলার ধরনে তার বেবিবাম্প ক্যামেরায় স্পষ্ট ধরা পড়ে। কথা প্রসঙ্গে উঠে আসে বুবলীর দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গ। তবে বরাবরের মতো এবারও মা হওয়ার খবরটি কৌশলে এড়িয়ে গেছেন বুবলী। যেমনটা করেছিলেন প্রথম সন্তান জন্মের আগে।
দ্বিতীয়বার মা হওয়া প্রসঙ্গে রহস্যময় উত্তর দিয়ে বুবলী বলেন, ‘ব্যক্তিগত বিষয় নিয়ে আসলে সবারই অনেক আগ্রহ থাকে। আমি বিষয়টা সম্মান করি। কারণ সাংবাদিক ভাইয়েরা দর্শকদের প্রতিক্রিয়াটাই আমাদের কাছে পৌঁছে দেন। কিন্তু আমার মনে হয়, যখন ঘটা করে ব্যক্তিগত প্রোগ্রাম হবে তখন সব ব্যক্তিগত বিষয়ে আলোচনা হবে।’
সংবাদ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি একাধিক নিউজ দেখেছি যে আমার বক্তব্য না নিয়েই বলা হচ্ছে বুবলী বলেছে। এটা ঠিক নয়। অনেকে বলেন, ফোনে আমাদের পাওয়া যায় না। আসলে আমরা শুটিংয়ে থাকলে ফোনকল ধরতে পারি না। তখন আমরা একটা অন্তত মেসেজ আশা করি। যদি মেসেজের উত্তর না দেওয়া হয় তার মানে এ বিষয়ে আমরা কোনো কথা বলতে চাইছি না আপাতত। অথচ আমার সঙ্গে কথা না বলেই আমার বক্তব্য বলা হয়, এটা আসলে দুঃখজনক।’
গত বছরের শেষের দিকে চিত্রনায়ক ও সাবেক স্বামী শাকিব খানের সঙ্গে শবনম বুবলী ও তার ছেলে বীর আমেরিকায় লম্বা ছুটি কাটান। সামাজিক যোগাযোগ মাধ্যমে মুহূর্তগুলো শেয়ার করেন অভিনেত্রী। এরপরই প্রকাশ্যে আসে বুবলীর অন্তঃসত্ত্বার খবর। এ বিষয়ে এখন পর্যন্ত বুবলী কিংবা শাকিব খান কোনো অফিসিয়াল মন্তব্য না করায় তারকা জুটিকে নিয়ে রহস্য বাড়ছে শোবিজ অঙ্গনে।
শাকিব খানের সঙ্গে শবনম বুবলীর প্রেম, বিয়ে নিয়ে ঢালিউডে গুঞ্জন ছিল অনেক দিনের। আবার বুবলীর সন্তান হয়েছে এমন তথ্য নিয়েও ঢালিউডে কম চর্চা হয়নি। বরাবরই কৌশলে এ বিষয়ে এড়িয়ে যেতেন তারা। এবারও পুরনো পথে বুবলী।
২০১৯ সালে ‘বীর’ সিনেমার শুটিং শুরু করেন শাকিব-বুবলী। ওই সময়ই ছড়িয়ে পড়ে বুবলী অন্তঃসত্ত্বা। তার গর্ভে শাকিব খানের সন্তান। এরপরই আড়ালে চলে যান তিনি। সন্তান বীরের জন্মেরও বেশ কিছুদিন পর ২০২২ সালের ৩০ সেপ্টেম্বরে জানানো হয়, গোপনে বিয়ে করেছিলেন শাকিব-বুবলী।

