সাম্প্রতিক সময়ে অভিনেত্রী সাবিলা নূরকে জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ফটোকার্ড ছড়িয়ে পড়েছে। সেখানে নির্বাচনের আগে তার মন্তব্য হিসেবে একটি রাজনৈতিক দলের নাম উল্লেখ করা হয়েছে। তবে এই ফটোকার্ডটি ‘সম্পূর্ণ ভুয়া’ বলে জানিয়েছেন সাবিলা নূর।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে নিজের ফ্যান পেজে দেওয়া এক পোস্টে তিনি জানান, তার নাম ব্যবহার করে প্রচারিত ওই ফটোকার্ডটি পুরোপুরি ভুয়া। সাবিলা নূর আরও বলেন, কোনো বিষয়ে তার ব্যক্তিগত বক্তব্য থাকলে তা কেবল দেশের মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।
একই সঙ্গে এআই প্রযুক্তি ব্যবহার করে তৈরি বিভ্রান্তিকর ছবি ও ভিডিও নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি দর্শকদের সচেতন থাকার আহ্বান জানান।
সাবিলা নূর বলেন, আমাকে জড়িয়ে একটি ভুয়া ফটোকার্ড প্রচার করা হয়েছে। স্পষ্টভাবে জানাতে চাই, যদি কখনও আমি কোনো বিষয়ে কোনো বক্তব্য দেই, তা কেবলমাত্র মূলধারার গণমাধ্যমের মাধ্যমেই প্রকাশিত হবে।
এআই-এর অপব্যবহার প্রসঙ্গে তিনি আরও বলেন, সাম্প্রতিক সময়ে এআই দিয়ে তৈরি ছবি ও ভিডিওর কারণে আমার মতো অনেক শিল্পীকেই প্রায়ই বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে, যা একেবারেই কাম্য নয়। হয়তো অনেকে ভালোবাসা বা আবেগ থেকে এসব তৈরি করেন, কিন্তু সেগুলো সামগ্রিকভাবে বিভ্রান্তি সৃষ্টি করে এবং ভুল বার্তা ছড়িয়ে দেয়।
সবার প্রতি সচেতন থাকার আহ্বান জানিয়ে সাবিলা নূর বলেন, আমার দর্শকরা সবসময়ই সচেতন ছিলেন। আশা করছি, ভবিষ্যতেও তারা এ বিষয়ে অবগত থাকবেন। অনুগ্রহ করে এসব বিষয়ে সচেতন থাকুন এবং বিভ্রান্তিকর তথ্য থেকে বিরত থাকুন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন