ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাতৃভাষা দিবস উপলক্ষে টিএসসিতে দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ১০:০৯ পিএম
ছবি- সংগৃহীত

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঢাকা ফিল্ম ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী চলচ্চিত্র প্রদর্শনী শুরু হয়েছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির সড়কদ্বীপ প্রাঙ্গনে ‘একুশের চেতনায় উজ্জীবিত হোক নতুন প্রজন্ম’ প্রতিপাদ্য নিয়ে এই উৎসবের সূচনা হয়।

উদ্বোধনী দিনে সন্ধ্যা ৭টায় প্রদর্শিত হয় জহির রায়হান পরিচালিত ভাষা আন্দোলনভিত্তিক পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘জীবন থেকে নেয়া’। আগামীকাল শনিবার সমাপনী সন্ধ্যায় প্রদর্শিত হবে শহিদুল হক খান পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘কলমীলতা’।

উৎসব সম্পর্কে ঢাকা ফিল্ম ক্লাব-এর সাধারণ সম্পাদক বড়ুয়া মনোজিত ধীমন জানান, বাংলা ভাষার জন্য প্রাণ উৎসর্গকারী মহান শহীদদের স্মরণ এবং বাংলা সিনেমাকে চলচ্চিত্রপ্রেমীদের কাছে প্রচার ও প্রসারের লক্ষ্যে প্রথমবারের মতো এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রদর্শনীর সহযোগী হিসেবে রয়েছে গণযোগাযোগ অধিদপ্তর এবং বাংলাদেশ ফিল্ম আর্কাইভ।