আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মঞ্চ থেকে এ বছরের ‘বঙ্গবিভূষণ’ ও ‘বঙ্গভূষণ’ প্রাপকদের নাম ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। প্রতি বছরের মতো এবারও সংস্কৃতির পীঠস্থান বাংলায় নিজ নিজ ক্ষেত্রে অনন্য কৃতিত্ব স্থাপন করা একঝাঁক শিল্পী ও সাহিত্যিককে এই বিশেষ সম্মানে সম্মানিত করা হয়েছে।
বঙ্গবিভূষণ :
এবারের বঙ্গবিভূষণ তালিকায় আধিপত্য লক্ষ্য করা গেছে সংগীত জগতের। সংগীতে দীর্ঘদিনের অবদানের জন্য এই সর্বোচ্চ সম্মাননা পাচ্ছেন শিবাজী চট্টোপাধ্যায় ও শ্রীরাধা বন্দ্যোপাধ্যায়। জীবনমুখী ও আধুনিক বাংলা গানের জনপ্রিয় মুখ নচিকেতা চক্রবর্তী, লোপামুদ্রা মিত্র ও ইমন চক্রবর্তী। সংগীতশিল্পী ও বর্তমান রাজ্য মন্ত্রিসভার সদস্য বাবুল সুপ্রিয়। সাহিত্য ও কলার জগত থেকে এই তালিকায় আরও রয়েছেন প্রথিতযশা চিত্রকর গণেশচন্দ্র হালুই এবং বিশিষ্ট কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়।
বঙ্গভূষণ :
অন্যদিকে, অভিনয় ও সংগীতের বিভিন্ন ধারায় সফল ব্যক্তিত্বদের ‘বঙ্গভূষণ’ সম্মানে ভূষিত করা হয়েছে। অভিনয়ে দীর্ঘ তিন দশকের অভিনয় জীবনে টলিউডের পাশাপাশি বলিউডেও নিজের শক্ত অবস্থান তৈরি করা অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায় পেলেন এই সম্মান।
সংগীতে রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের প্রিয় কণ্ঠ মনোময় ভট্টাচার্য এবং জাতীয় পুরস্কারজয়ী জনপ্রিয় গায়ক রূপঙ্কর বাগচী এবার বঙ্গভূষণ পেলেন। এ ছাড়াও এই তালিকায় রয়েছেন জনপ্রিয় গায়ক রাঘব চট্টোপাধ্যায়।
লোকজ ও আধ্যাত্মিক ধারায় রিয়্যালিটি শো থেকে উত্থান ঘটিয়ে বর্তমানে বিধায়ক ও প্রখ্যাত কীর্তন শিল্পী অদিতি মুন্সী এবং বাউল গানের পরিচিত মুখ কার্তিক দাস বাউল এবার সরকারের পক্ষ থেকে এই বিশেষ সম্মাননা গ্রহণ করবেন।
প্রতি বছরই বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের কাজের মূল্যায়ন করতে এই সম্মাননা প্রদান করে রাজ্য সরকার। তিন দশকের দীর্ঘ ক্যারিয়ার হোক বা সমসাময়িক সময়ের জনপ্রিয়তা—সব দিক বিচার করেই এবার বিনোদন ও শিল্প জগতের এই উজ্জ্বল নক্ষত্রদের বেছে নেওয়া হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন