ছোট পর্দার অভিনেতা যাহের আলভীর স্ত্রী ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় বিনোদন অঙ্গনে শোকের আবহ বিরাজ করছে।
রোববার (১ মার্চ) রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতাল মর্গে তার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত শেষে দুপুর ২টার দিকে মরদেহ নিয়ে স্বজনরা ময়মনসিংহের ভালুকার রানদিয়া গ্রামের উদ্দেশে রওনা হন।
সেখানে বাদ মাগরিব জানাজা শেষে নানাবাড়িতে তাকে দাফন করার কথা রয়েছে। হাসপাতালের বাইরে ইকরার স্বজনদের আহাজারিতে এক হৃদয়বিদারক পরিস্থিতির সৃষ্টি হয়।
বর্তমানে নাটকের শুটিংয়ে নেপালে অবস্থান করছেন অভিনেতা যাহের আলভী। স্ত্রীর আকস্মিক মৃত্যুর খবর পেলেও বিমানের টিকিট জটিলতার কারণে তিনি তাৎক্ষণিক দেশে ফিরতে পারেননি বলে জানান। তবে আজ দুপুরের একটি ফ্লাইটে তার ঢাকা পৌঁছানোর কথা রয়েছে বলে তিনি দৈনিক রূপালী বাংলাদেশকে নিশ্চিত করেছেন।
২০১০ সালে ভালোবেসে গোপনে বিয়ে করেছিলেন আলভী ও ইকরা। দীর্ঘ ১৪ বছর এই বিয়ের বিষয়টি আড়ালে থাকার পর ২০২৪ সালে তা প্রকাশ্যে আসে।
দীর্ঘ ১৫ বছরের দাম্পত্য জীবনে তাদের একটি সন্তানও রয়েছে। তবে সম্প্রতি আলভীর বিরুদ্ধে পরকীয়া ও মানসিক নির্যাতনের অভিযোগ তুলে ইকরার কিছু ব্যক্তিগত চ্যাট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে, যা নিয়ে দেশজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন