ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

প্রথমবার নাটক রচনায় অভিনেতা সাব্বির আহমেদ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মার্চ ২০, ২০২৬, ০২:৫৪ পিএম
ছবি : সংগৃহীত

ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা সাব্বির আহমেদ। তারেক খান পরিচালিত ‘প্রেম সৈনিক’ নাটকের মাধ্যমে প্রথম টিভি নাটকে অভিনয় করেন। তার অভিনীত প্রথম ধারাবাহিক ছিল সুমন আনোয়ার পরিচালিত ‘ডোরাকাটা’। এরপর থেকে সাব্বির আহমেদ বহু নাটকে অভিনয় করে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন।

মাগুড়ার ‘অনন্যা থিয়েটার’র সঙ্গেও বহুদিন সম্পৃক্ত ছিলেন সাব্বির। এরপর ঢাকায় এসে ‘প্রাঙ্গণে মোর’ নাট্যদলের সঙ্গে যুক্ত হয়ে ‘লোকনায়ক’, ‘শ্যামার প্রেম’ নাটকেও অভিনয় করে মঞ্চপ্রেমী দর্শককে অভিনয় দিয়ে মুগ্ধ করেন।

দেড় যুগের ক্যারিয়ারে সাব্বির অসংখ্য নাটকে অভিনয় করেছেন। দেখা গেছে সিনেমাতেও।

প্রথমবারের মতো নাটক রচনা করলেন এই অভিনেতা। তার লেখা প্রথম নাটক ‘তস্কর কেরামতের জাদুর চটি’। নাটকটি রচনার পাশাপাশি অভিনয়ও করেছেন সাব্বির। তার বিপরীতে ছিলেন অভিনেত্রী নাদিয়া মিম। নাটকটি প্রযোজনা করেছেন আবদুল্লাহ আল মামুন।

ঈদুল ফিতর উপলক্ষে বাংলাদেশ টেলিভিশনের ঈদের দিন রাত সাড়ে আটটায় বিশেষ এই নাটকটি প্রচারিত হবে বলে দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন এই অভিনেতা।

সাব্বির বলেন, জীবনের প্রথম নাটক লেখা নিয়ে খুবই টেনশনে ছিলাম। প্রথম নাটক লিখতে বসে ভুল হয় কাটাকাটি করি আবার লিখি ঘুম হয় না। নাট্যকার হিসেবে প্রথম আত্মপ্রকাশ করতে যাচ্ছি  
বাংলাদেশ টেলিভিশনে। তিন মাস সময় লেগেছে গল্পটি তৈরিতে। আশা করছি, সবার পছন্দ হবে।

এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করেছেন ম ম মোর্শেদ, শফিকুল খান দিলু, ফজলে রাব্বি, উত্তম অধিকারী, কাবেরী, ফারজানা জয়া, সানজিদা ইসলাম, সঞ্জয় রাজ, সঞ্জীব অসীম, পলাশ প্রমুখ।