দুই বাংলার জনপ্রিয় অভিনেতা ও সুলেখক রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। মাত্র ৪৩ বছর বয়সে তার এই চলে যাওয়া মেনে নিতে পারছেন না সহকর্মী ও ভক্তরা। তবে এই মৃত্যুকে ঘিরে দানা বাঁধতে শুরু করেছে গভীর রহস্য। ওড়িশার তালসারিতে শুটিং চলাকালে এই দুর্ঘটনা নিয়ে পাওয়া গেছে তিনটি পরস্পরবিরোধী তথ্য, যা ঘটনার মোড় ঘুরিয়ে দিয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, রাহুল যে মেগা সিরিয়ালের শুটিংয়ে ছিলেন, তার নির্মাতা লীনা গঙ্গোপাধ্যায় এক বিস্ফোরক তথ্য দিয়েছেন। তিনি জানান, তাঁর শুটিং শিডিউলে পানির ওপর কোনো দৃশ্য ধারণের পরিকল্পনাই ছিল না। প্রশ্ন উঠেছে, তবে কি নির্মাতার অগোচরেই পানির ওপর কোনো দৃশ্য ধারণ করা হচ্ছিল? যদি তাই হয়, তবে সেই ঝুঁকিপূর্ণ শুটিংয়ের নির্দেশ দিয়েছিল কে?
পশ্চিমবঙ্গের সীমানা পেরিয়ে ওড়িশার তালসারিতে শুটিং চললেও স্থানীয় পুলিশ প্রশাসনকে আগে থেকে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ উঠেছে। ওড়িশা পুলিশ ঘটনার খবর পায় দিঘা কোস্টাল পুলিশের কাছ থেকে। যথাযথ অনুমতি ছাড়া ভিন রাজ্যে কেন এমন ঝুঁকিপূর্ণ শুটিং চলছিল, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে।
মৃত্যু নিয়ে তিনটি ভিন্ন তত্ত্ব
রাহুলের মৃত্যুর কারণ নিয়ে প্রোডাকশন ইউনিট ও প্রত্যক্ষদর্শীদের বয়ানে ব্যাপক গরমিল পাওয়া গেছে:
প্রথম তত্ত্ব: ইউনিটের একটি অংশের দাবি, সারাদিনের শুটিং শেষে ক্লান্তি কাটাতে রাহুল একা সৈকতে গিয়েছিলেন। সেখানে হঠাৎ আসা জোয়ারের টানে তিনি তলিয়ে যান। এটি একটি নিছক দুর্ঘটনা।
দ্বিতীয় তত্ত্ব: অন্য একটি সূত্র বলছে, সমুদ্রে নৌকার ওপর ড্রোনের মাধ্যমে ‘টপ শট’ নেওয়া হচ্ছিল। সে সময় উত্তাল ঢেউয়ের ধাক্কায় নৌকাটি উল্টে যায় এবং এই মর্মান্তিক ঘটনা ঘটে।
তৃতীয় তত্ত্ব (শ্বেতা মিত্রের বয়ান): রাহুলের সহ-অভিনেত্রী শ্বেতা মিত্র সরাসরি দাবি করেছেন, শুটিং নৌকার ওপরই চলছিল। হঠাৎ বড় ঢেউয়ের ধাক্কায় তাঁরা দুজনেই পানিতে পড়ে যান। শ্বেতা কোনোভাবে তীরে উঠতে পারলেও রাহুল পারেননি। পরে দিঘা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পরস্পরবিরোধী এসব বক্তব্যের কারণে বিষয়টিকে এখন আর কেবল সাধারণ দুর্ঘটনা হিসেবে দেখছে না প্রশাসন। পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ একটি ‘অস্বাভাবিক মৃত্যু’ বা ইউডি (UD) মামলা রুজু করেছে। পরিবারের অনুমতিক্রমে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। পুলিশ এখন প্রোডাকশন ইউনিটের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চালাচ্ছে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন