মিডিয়াপাড়ায় বইছে আলোচনার ঝড়। প্রেক্ষাগৃহ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ঢাকাই সিনেমার অভিনেতা সিয়াম আহমেদ এমন কিছু মন্তব্য করেছেন, যা নিয়ে রীতিমতো দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন নেটিজেনরা। সরাসরি নাম না নিলেও সিয়ামের মন্তব্যের তিরের নিশানা যে মেগাস্টার শাকিব খানের দিকেই, এমনটাই দাবি করছেন অধিকাংশ চলচ্চিত্রপ্রেমী।
সম্প্রতি একটি হল মালিকদের সভায় গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিয়াম আহমেদ নিজের কাজের ধরন ও পেশাদারিত্ব নিয়ে কথা বলেন। সেখানে তিনি বলেন, ‘আমি ঐ শিল্পী না, যে তার প্রযোজকের ওপর সহশিল্পী চাপিয়ে দেই। আমি ঐ শিল্পীও না যে বলি যে অমুকের গানই থাকতে হবে। আমি ঐ শিল্পীও না, যে তাদেরকে বলব যে, এই দিনেই আমার সিনেমা রিলিজ করতে হবে।’
সিয়ামের এই বক্তব্যের ভিডিও ক্লিপটি সামাজিক যোগাযোগমাধ্যমে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। নেটিজেনদের মতে, সিনেমার কাস্টিং, গান নির্বাচন এবং মুক্তির তারিখ নির্ধারণে শাকিব খানের যে প্রভাব থাকে, সিয়াম পরোক্ষভাবে সেদিকেই ইঙ্গিত করেছেন।
সিয়ামের এই মন্তব্য ফেসবুকে ছড়িয়ে পড়তেই কমেন্ট বক্সে শুরু হয়েছে ভক্তদের বাকযুদ্ধ। বিশেষ করে শাকিব ভক্তরা (শাকিবিয়ান) সিয়ামের ওপর ক্ষোভ ঝাড়ছেন।
একজন ফেসবুক ব্যবহারকারী মন্তব্য করেছেন, ‘সরাসরি শাকিব খানের কথাই বলেছে, ওনাকে ইঙ্গিত করছে। নাম বলার সাহস নেই বলেই এভাবে বলছে।’
অনেক ভক্ত সিয়ামকে উদ্দেশ্য করে কঠোর ভাষা ব্যবহার করেছেন। কেউ তাকে ‘বেয়াদব’ বা ‘অহংকারী’ বলে আখ্যা দিয়েছেন, আবার কাউকে বলতে দেখা গেছে, ‘শাকিব খানের ধারে কাছেও নেই, অথচ তাকে নিয়ে কথা বলে!’ এমনকি মন্তব্য ঘরে অনেকে সিয়ামকে ‘চায়ের দোকানের নায়ক’ বলেও বিদ্রূপ করেছেন।
সিয়ামের এই ‘বিস্ফোরক’ মন্তব্য কেবল সাধারণ মানুষের মাঝেই সীমাবদ্ধ নেই, এটি এখন টক অব দ্য টাউন। মিডিয়াপাড়ার অনেক বিশ্লেষক মনে করছেন, ঢাকাই সিনেমার অভ্যন্তরীণ রাজনীতির বহিঃপ্রকাশ ঘটেছে সিয়ামের এই বক্তব্যে। দীর্ঘদিনের প্রতিষ্ঠিত প্রথা এবং বড় তারকাদের প্রভাবের বিরুদ্ধে কি তবে নতুন প্রজন্মের কোনো নীরব বিদ্রোহ শুরু হলো?
যদিও এই বিষয়ে এখন পর্যন্ত শাকিব খানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে সিয়ামের এই খোঁচা ঢালিউডের পাওয়ার ডাইনামিক্সে নতুন কোনো সমীকরণ তৈরি করে কি না সেটাই এখন দেখার বিষয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন