আজ পহেলা বৈশাখ। ১৪৩৩ বঙ্গাব্দের প্রথম দিন। নতুন বছরে সকাল থেকেই সারা দেশ মেতে উঠেছে আনন্দ উৎসবে। সংগীতাঙ্গনের শিল্পীরাও ঢাকা ও ঢাকার বাইরে বিভিন্ন স্টেজ শো ও টিভি শোতে গানে গানে বাংলা নববর্ষকে বরণ করে নিচ্ছেন। দেশের সংগীতাঙ্গনের বিভিন্ন গায়ক-গায়িকাদের মধ্যে যারা দিনটিতে স্টেজ শো ও টিভি শোতে ব্যস্ত সময় পার করবেন। পহেলা বৈশাখ উপলক্ষে রাজধানীজুড়ে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বাংলা নববর্ষকে বরণ করতে রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ভোর থেকে শুরু হয়েছে হাজারো কণ্ঠের মিলনমেলা। চ্যানেল আই এবং সুরের ধারার যৌথ আয়োজনে ভোর ৫টা ৩০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত অনুষ্ঠিত হচ্ছে ‘হাজারও কণ্ঠে বর্ষবরণ’আয়োজন। নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নিয়েছেন।
নববর্ষ উপলক্ষে আজ বিশেষ কনসার্টের আয়োজন করেছে কোক স্টুডিও বাংলা। রাজধানীর কোর্টসাইড, ১০০ ফিট মাদানি অ্যাভিনিউতে বিকেল ৩টা থেকে শুরু হবে এই আয়োজন। অংশ নেবেন দেশের খ্যাতিমান ও উদীয়মান শিল্পীরা।
বাংলা নতুন বছর ১৪৩৩-কে স্বাগত জানাতে আয়োজিত এই অনুষ্ঠানে সুরের ধারার শিক্ষার্থীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত শিল্পীরা অংশ নেবেন। সম্মিলিত কণ্ঠে বাংলা গানের সুরে মুখর হয়ে উঠবে পুরো প্রাঙ্গণ। এই আয়োজনে সংগীত পরিবেশন করবেন রফিকুল আলম, ফাহিম হোসেন চৌধুরী, কিরণ চন্দ্র রায়, কোনাল ও লুইপাসহ তরুণ প্রজন্মের আরও অনেক শিল্পী। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন দীপ্তি চৌধুরী এবং আবৃত্তিতে থাকবেন জয়ন্ত চট্টোপাধ্যায়।
বাঙালিয়ানা গানের সুর, দেশীয় ঐতিহ্য ও সংস্কৃতির সাথে বাংলা নববর্ষ বরণ করে নিতে পহেলা বৈশাখের দিন জমকালো গানের আসরের আয়োজন করেছে আন্তর্জাতিক সংগীত ফ্র্যাঞ্চাইজি কোক স্টুডিও বাংলা। দেশের খ্যাতিমান ও উদীয়মান সংগীতশিল্পীরা এ গানের আসরে সংগীত পরিবেশন করবেন।
বনানীর কামাল আতাতুর্ক পার্কের সবুজ চত্বরে বসেছে বৈশাখী মেলা। ‘কার্পে ডিয়েম-লাল বৈশাখী ১৪৩৩’ শিরোনামের এই আয়োজনে মঞ্চ মাতাবেন জনপ্রিয় সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ ও প্রীতম হাসান। পাশাপাশি আরও কয়েকটি ব্যান্ড দল অংশগ্রহণ করছে এ আয়োজনে।
পাবনার অ্যাডওয়ার্ড কলেজ মাঠে সকাল ৯টা থেকে আয়োজিত হচ্ছে বিশাল আয়োজনে বৈশাখী মেলা। এই অনুষ্ঠানে গান গাইবেন নগরবাউল জেমস, ইমরান মাহমুদুল ও ঐশী। আরও থাকছেন ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’ এর সেরা তিন কণ্ঠশিল্পী।নৃত্য পরিবেশন করবেন মন্দিরা চক্রবর্তী ও সোহাগ ড্যান্স ট্রুপ। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন আলিফ, প্রযোজনায় আছেন অজয় পোদ্দার। সরাসরি সম্প্রচার করবে মাছরাঙা টেলিভিশন।
নববর্ষকে ঘিরে একাধিক বিশ্ববিদ্যালয় আয়োজিত তিনটি কনসার্টে গান শোনাবে জনপ্রিয় ব্যান্ড চিরকুট। তাদের পরিবেশনায় থাকছে ‘যাদুর শহর’, ‘আহারে জীবন’, ‘দুনিয়া’, ‘কানামাছি’সহ অসংখ্য জনপ্রিয় মৌলিক গান। ১৪ এপ্রিল ব্যান্ডটি পারফর্ম করবে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বিকেল ৩টায়, আয়োজন করছে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সাংস্কৃতিক সংগঠন। ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ক্লাব ফর পারফর্মিং আর্ট এর আমন্ত্রণে ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে সকাল ১১টায়।
এ ছাড়াও প্রতিবারে মত এবারও বর্ণাঢ্য আয়োজনের পহেলা বৈশাখ উদযাপন করছে সাংস্কৃতিক সংগঠন ঋষিজ শিল্পী গোষ্ঠী। ‘অসাম্প্রদায়িক চেতনা ও সম্প্রীতির বাংলাদেশ’ গড়ার প্রত্যয় নিয়ে আজ সকাল সাড়ে ৭টায় ভাসানী সড়কের শিশুপার্ক প্রাঙ্গণে ঐতিহ্যবাহী প্রভাতী সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বাংলা নববর্ষকে হৃদয়ের অর্ঘ্যে আবাহন জানাচ্ছে সংঘঠনটি।
নববর্ষ উপলক্ষে ‘ব্রডব্যান্ড এক্সপ্রো২০২৬’ শিরোনামের উৎসবের আয়োজন হচ্ছে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। আর এতো সংগীত পরিবেশন করবেন ব্র্যান্ড শিরোনামহীন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন