ভারতের কেভিএন প্রোডাকশনস একসঙ্গে তিনটি বড় বাজেটের সিনেমায় প্রায় ১ হাজার ৫০০ কোটি রুপি বিনিয়োগ করে এখন চলচ্চিত্র অঙ্গনের আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘টক্সিক’, ‘জন নায়গন’ এবং ‘কেডি: দ্য ডেভিল’ এই তিন প্রকল্পকে ঘিরে যেমন ছিল উচ্চাকাঙ্ক্ষা, তেমনি একের পর এক বিতর্ক ও জটিলতা সংস্থাটিকে কঠিন পরীক্ষার মুখে ফেলেছে।
২০২০ সালে ভেঙ্কট কে নারায়ণের হাত ধরে যাত্রা শুরু করা কেভিএনের লক্ষ্য ছিল কর্ণাটকের গল্পকে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে দেওয়া। তবে কয়েক বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি এমন এক অবস্থানে পৌঁছেছে, যেখানে এই তিন সিনেমার সাফল্য বা ব্যর্থতা তাদের ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখতে পারে।
বিজয় অভিনীত ‘জন নায়গন’ শুরুতে বিপুল বাণিজ্যিক সম্ভাবনা তৈরি করলেও সেন্সর জটিলতা, আদালত পর্যন্ত গড়ানো বিরোধ, পাইরেসি এবং সম্প্রদায়ভিত্তিক আপত্তির কারণে এর মুক্তি অনিশ্চিত হয়ে পড়ে। ফলে বড় অঙ্কের প্রি-রিলিজ চুক্তিও ঝুঁকির মুখে।
অন্যদিকে যশের ‘টক্সিক’ ভারতের ব্যয়বহুল সিনেমাগুলোর একটি হলেও বারবার মুক্তির তারিখ পরিবর্তনে প্রকল্পটি নিয়ে সংশয় তৈরি হয়েছে। যদিও এখনো ডিজিটাল ও স্যাটেলাইট স্বত্ব চূড়ান্ত না হওয়ায় আর্থিক চাপ তুলনামূলক কম।
এর মধ্যে ‘কেডি: দ্য ডেভিল’ মুক্তি পেলেও গান ও ট্রেলার ঘিরে অশ্লীলতার অভিযোগে বিতর্ক তৈরি করে।
বিশ্লেষকদের মতে, তিনটি ছবির তিন ধরনের সংকট আইনি বাধা, বিলম্ব এবং জনমত বিতর্ক কেভিএনের জন্য বড় চ্যালেঞ্জ। এখন দেখার বিষয়, এই বিপুল বাজি শেষ পর্যন্ত ইতিহাস গড়ে, নাকি বড় আর্থিক ধাক্কায় পরিণত হয়।

