ব্যান্ড নগর বাউল মানেই রকস্টার মাহফুজ আনাম জেমস! যার পারফর্ম দেখতে এখনও মুখিয়ে থাকেন দেশের লাখো দর্শক-শ্রোতা। তবে শুধু বাংলাদেশেই নয়, সুদূর ফ্রান্সেও অসংখ্য শ্রোতা রয়েছে নগর বাউলের। তাদের ডাকে নিয়মিত সাড়াও দেন ‘গুরু’ জেমস। এবার জেমসের ফ্রান্সের শ্রোতাদের জন্য এলো সুখবর! খুব শীঘ্রই সেখানকার মঞ্চ মাতাতে যাচ্ছে নগর বাউল।
জানা গেছে, ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত হতে যাচ্ছে বছরের অন্যতম আকর্ষণীয় সাংস্কৃতিক মেগা ইভেন্ট ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’। শাহ গ্রুপ ও অফিওরা-এর যৌথ আয়োজনে আগামী রোববার (২ আগস্ট) প্যারিসের উপকণ্ঠ সার্সেলসের সেন্টমেরি এলাকায় এই বর্ণাঢ্য উৎসব অনুষ্ঠিত হবে।
প্রবাসে বসবাসরত সব বাংলাদেশি, তাদের পরিবার ও বন্ধুদের নিয়ে এই মিলনমেলায় অংশ নেওয়ার জন্য উদাত্ত আহ্বান জানিয়েছেন আয়োজকরা।
এবারের সামার ফেস্টের প্রধান আকর্ষণ হিসেবে মঞ্চ মাতাবেন বাংলাদেশের কিংবদন্তি রকশিল্পী জেমস। নিজের জনপ্রিয় সব গান পরিবেশনের মধ্য দিয়ে প্রবাসী দর্শক-শ্রোতাদের মাতাবেন তিনি। জেমসের পাশাপাশি দেশের আরও কয়েকজন স্বনামধন্য শিল্পী এই অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ২ আগস্ট দুপুর ১২টা থেকে দর্শকদের জন্য মূল ফটক খুলে দেওয়া হবে। উৎসবটি অনুষ্ঠিত হবে Stade Emile Zola (17 Rue Emile Zola, 95200 Sarcelles)-এ। অনুষ্ঠানে প্রবেশের টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ২০ ইউরো।
ইতোমধ্যে টিকিট বিক্রি শুরু হয়েছে। আগ্রহী দর্শকরা অফিওরা (17 Rue Emile Zola, 95200 Sarcelles) এবং আলফা ওমেগা (15 Rue du Faubourg Saint-Martin, 75010 Paris) থেকে সরাসরি টিকিট সংগ্রহ করতে পারবেন। প্রবাসে বাংলাদেশি সংস্কৃতি, আনন্দ ও সম্প্রীতির এই বৃহৎ আয়োজন সফল করতে সব ধরনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে বলে জানান তারা।
মেগা ইভেন্টটির অন্যতম আয়োজক ও শাহ গ্রুপের চেয়ারম্যান সুমন সাত্তার আলী শাহ আলম বলেন, “আমাদের এই আয়োজন কেবল একটি সংগীতানুষ্ঠান নয়; ‘ফ্রাঙ্কো বাংলা সামার ফেস্ট ২০২৬’ হবে প্রবাসী বাংলাদেশিদের এক বিশাল মিলনমেলা। পরিবার-পরিজন ও বন্ধুবান্ধবদের সঙ্গে আনন্দ ভাগাভাগির পাশাপাশি এখানে থাকবে উৎসবমুখর পরিবেশ, সাংস্কৃতিক আবহ এবং বাংলাদেশি ঐতিহ্যের ছোঁয়া।”
তিনি আরও বলেন, বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও ভালোবাসাকে বিশ্বমঞ্চে তুলে ধরার প্রত্যয় থেকেই আমাদের এই আয়োজন। ফ্রান্সে বসবাসরত সব প্রবাসী বাংলাদেশি ও তাঁদের পরিবারকে এই উৎসবে যোগ দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন