এবার ভারতের চলমান শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থার দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করে এই অভিনেতা বলেন, এই আন্দোলনকে যেন রাজনীতিকরণ না করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান খান বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। একই সঙ্গে আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে ‘অত্যন্ত গুরুতর বিষয়’ উল্লেখ করে সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার প্রশংসা করেন সালমান। পাশাপাশি সন্তানদের পাশে থাকার জন্য অভিভাবকদেরও ধন্যবাদ জানান তিনি।
পোস্টে তিনি লেখেন, ‘এই আন্দোলন, এই প্রতিবাদ—এটাই সঠিক পথ।’ শিক্ষার্থীদের ‘সাহসী’ আখ্যা দিয়ে তিনি বলেন, শিক্ষার প্রতি তাদের এই প্রতিশ্রুতি ভারতকে গর্বিত করবে।
সালমান আরও বলেন, এটি শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার বিষয়। তাই রাজনৈতিক দলগুলোর প্রতি এ আন্দোলনের নিয়ন্ত্রণ না নেওয়ার আহ্বান জানান তিনি।
পোস্টের শেষে তিনি আশা প্রকাশ করে লেখেন, সরকার শিক্ষার্থীদের পাশে দাঁড়াবে। একদিন বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানুষ শিক্ষা নিতে ভারতে আসবে এবং ভারত একটি বৈশ্বিক শিক্ষা কেন্দ্রে পরিণত হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন