এ সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় জুটি যাহের আলভী ও ইফফাত আরা তিথি। নিয়মিত জুটি হয়ে একের পর এক নাটকে অভিনয় করছেন তারা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এই জুটি অভিনয় করেছেন ‘সন্ধ্যায় সমাধান’ নামের নতুন একটি নাটকে। নাটকটি পরিচালনা করেছেন খ্যাতিমান নাট্যনির্মাতা দীন মোহাম্মদ মন্টু। নাটকটির মাধ্যমে দীর্ঘ দশ বছর পর বাবার পরিচালনায় অভিনয় করেছেন তার কন্যা তিথি। হিরন জামানের রচনায় নাটকতে আরো অভিনয় করেছেন টুম্পা মাহবুব প্রমুখ।
এ প্রসঙ্গে তিথি বলেন, ‘গল্পটি প্রেমের, যেখানে প্রকৃত ভালোবাসা কখনো বৃথা যায় না; তা একদিন পরিপূর্ণতা পায়। এই নাটকের মাধ্যমে দীর্ঘ সময় পর বাবার পরিচালনা কাজ করেছি। আশা করছি, দর্শকদের কাছে নাটকটি ভালো লাগবে।’
পরিচালক দীন মোহাম্মদ মন্টু বলেন, ‘দশ বছর পর মেয়ের সঙ্গে কাজ করার অনুভূতি বিশেষ ছিল। বাবা হিসেবে এটি গর্বের ও আনন্দের মুহূর্ত। আশা করি, নাটকটি দর্শকদের মন ছুঁয়ে যাবে।’
নাটকটি খুব শিগগিরই দেশের একটি জনপ্রিয় টিভি চ্যানেলে প্রচারিত হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন