খুলনার মাটি, নদী আর মানুষের সংগ্রামের গল্প নিয়ে নির্মিত সিনেমা ‘দেলুপি’ জায়গা করে নিয়েছে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ আসর ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল রটারড্যাম (আইএফএফআর)-এ। প্রযোজক প্রতিষ্ঠানের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
মোহাম্মদ তাওকীর ইসলামের পরিচালনায় নির্মিত সিনেমাটি উৎসবের ‘ব্রাইট ফিউচার’ বিভাগে নির্বাচিত হয়েছে। এই বিভাগে মূলত নির্মাতাদের প্রথম ও দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শিত হয়, যেখানে উদীয়মান ও নতুন ধারার চলচ্চিত্র নির্মাতাদের কাজকে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হয়।
২০২৬ সালের ২৯ জানুয়ারি থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত নেদারল্যান্ডসের রটারড্যাম শহরে অনুষ্ঠিত হবে উৎসবটির ৫৫তম আসর। এবারের আয়োজনে বিশ্বের বিভিন্ন প্রান্তের নির্মাতা, নতুন প্রতিভা এবং শৈল্পিক ধারার চলচ্চিত্র প্রতিনিধিত্ব করবে।

নির্মাতা মোহাম্মদ তাওকীর ইসলাম বলেন, ‘রটারড্যাম থেকে যখন প্রথম ই-মেইল পাই এবং জানতে পারি তারা সিনেমাটির ওয়ার্ল্ড প্রিমিয়ার করতে চায়, তখন আমরা একটু দ্বিধায় পড়ে যাই। কারণ সিনেমা বানানোর সময় দেলুটি ইউনিয়নের মানুষদের কথা দিয়েছিলাম- সিনেমাটা তারা আগে দেখবে। আমাদেরও ইচ্ছা ছিল বাংলাদেশের দর্শকরাই প্রথম ‘দেলুপি’ দেখুক। বিষয়টি উৎসব কর্তৃপক্ষকে জানালে তারাও সম্মতি দেন। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের দর্শকেরা সিনেমাটি দেখবে- এটা আমাদের জন্য আনন্দের।’
রটারড্যামে ‘দেলুপি’র নির্বাচনে উচ্ছ্বসিত পুরো টিম। নির্মাতার মতে, এই অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশের স্বাধীনধারার চলচ্চিত্রচর্চা আন্তর্জাতিক অঙ্গনে নতুনভাবে উপস্থাপিত হবে।
উল্লেখ্য, চলতি বছরের ৭ নভেম্বর দেশে মুক্তি পায় ‘দেলুপি’ এবং সিনেমাটি এখনো প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে। খুলনার দক্ষিণাঞ্চলের বাস্তব জীবন, নদীভাঙন, জলবায়ু পরিবর্তন, স্থানীয় রাজনীতিতে জাতীয় প্রভাব এবং সাধারণ মানুষের প্রতিদিনকার সংগ্রামকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে এই চলচ্চিত্র।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন