কলকাতায় লিওনেল মেসির সফর ঘিরে যে উৎসবের প্রত্যাশা ছিল, তা শেষ পর্যন্ত রূপ নেয় বিশৃঙ্খলায়। শনিবার (১৩ ডিসেম্বর) সল্টলেক স্টেডিয়ামে মেসিকে এক ঝলক দেখার আশায় হাজির হয়েছিলেন হাজার হাজার ফুটবলপ্রেমী। কিন্তু মাঠের ভেতরের অব্যবস্থাপনা ও দৃশ্যমানতার সমস্যার কারণে অনেক দর্শকই প্রিয় তারকাকে দেখতে পাননি। হতাশা থেকে দর্শকের একাংশ বোতল ও চেয়ার ছোড়েন; তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি।
এ ঘটনার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলীর সঙ্গে লিওনেল মেসির তোলা ছবি নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে। রোববার (১৪ ডিসেম্বর) তিনি ‘G.O.A.T India Tour’-এর কয়েকটি ছবি পোস্ট করেন, যার মধ্যে মেসির সঙ্গে দুটি ছবিও ছিল। ক্যাপশনে তিনি লেখেন, ‘Represented the Bengali Film Fraternity at The G.O.A.T India Tour।’ এই পোস্টের পরই নেটিজেনদের একটি অংশ ক্ষোভ ঝেরেছেন।
তারা বলছেন, ‘টিকিট কেটেও যারা মেসিকে দেখতে পাননি, তাদের প্রতি এটি ছিল সংবেদনশীলতার অভাব।’ এমনকি কয়েকজন রাজনৈতিক নেতাও শুভশ্রীর পোস্টের মন্তব্যের ঘরে সমালোচনায় মাতেন।
তবে শুভশ্রীর পাশে দাঁড়ান তার স্বামী, পরিচালক ও তৃণমূল কংগ্রেস বিধায়ক রাজ চক্রবর্তী। তিনি সামাজিক মাধ্যমে লিখেন, উচ্চমূল্যের টিকিট কেটে হাজার হাজার মানুষ তাদের প্রিয় তারকাকে দেখতে পাননি—এটাই আসল সমস্যা। শুভশ্রীর ‘অপরাধ’ শুধু মেসির সঙ্গে একটি ছবি পোস্ট করা।
তিনি আরও লিখেন, অভিনেত্রী হলেই কি তিনি মেসির ভক্ত হতে পারবেন না? একই সঙ্গে তিনি গণমাধ্যম ও সামাজিক আচরণ নিয়ে প্রশ্ন তুলে বলেন, বিশেষ করে নারীরা প্রায়ই অযৌক্তিক ও অতিরিক্ত সমালোচনার শিকার হন। প্রতিবাদ আর অপমানের মধ্যে স্পষ্ট পার্থক্য থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
এদিকে সল্টলেক স্টেডিয়ামের অনুষ্ঠান ঘিরে অব্যবস্থাপনার অভিযোগে প্রধান আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন এবং হতাশ ফুটবলপ্রেমীদের কাছে প্রকাশ্যে দুঃখ প্রকাশ করেছেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন