ভারতে অবৈধ অনলাইন বেটিং বা জুয়া অ্যাপের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একাধিক জনপ্রিয় তারকার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ভারতের পশ্চিমবঙ্গ ও বলিউডের কয়েকজন তারকার কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে।
অভিযোগ রয়েছে, তারা অবৈধ বেটিং অ্যাপের বিজ্ঞাপনী প্রচারে অংশ নিয়ে আর্থিক লেনদেন করেছেন। এই তদন্তের আওতায় অভিনেত্রী মিমি চক্রবর্তী, অভিনেতা অঙ্কুশ হাজরা এবং সাবেক ক্রিকেটার যুবরাজ সিং, রবিন উথাপ্পাসহ বেশ কয়েকজন তারকার নাম উঠে এসেছে।
ভারতীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে, ‘১এক্সবেট’ (1xBet) নামক একটি অবৈধ বেটিং অ্যাপের মাধ্যমে আর্থিক তছরুপের মামলায় শুক্রবার মোট ৭ কোটি ৯৩ লাখ রুপির (বাংলাদেশি মুদ্রায় প্রায় ১১ কোটি টাকা) সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে অভিনেত্রী মিমি চক্রবর্তীর ৫৯ লাখ রুপি এবং অভিনেতা অঙ্কুশ হাজরার ৪৭ লাখ ২০ হাজার রুপির সম্পত্তি রয়েছে।
ক্রিকেটারদের মধ্যে যুবরাজ সিংয়ের ২ কোটি ৫০ লাখ ও রবিন উথাপ্পার ৮ লাখ ২৬ হাজার রুপির সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। এ ছাড়া বলিউডের পরিচিত মুখ উর্বশী রাউতেলার ২ কোটি ২ লাখ, সোনু সুদের ১ কোটি ও নেহা শর্মার ১ কোটি ২৬ লাখ রুপির সম্পত্তি জব্দ করেছে ইডি। উর্বশীর সম্পত্তি তার মায়ের নামে ছিল বলে জানা গেছে।
তদন্ত ও ব্যাকগ্রাউন্ড দীর্ঘদিন ধরে চলা এই বেটিং অ্যাপ কেলেঙ্কারির তদন্তে নেমে এর আগে একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করেছে ইডি। দিল্লিতে কেন্দ্রীয় দপ্তরে ডেকে কয়েক ঘণ্টা জেরা করা হয়েছিল মিমি চক্রবর্তী ও অঙ্কুশ হাজরাকে।
তদন্তকারী সংস্থার দাবি, এই তারকারা সংশ্লিষ্ট অ্যাপটির প্রচারণায় অংশ নিয়ে আর্থিক সুবিধা নিয়েছেন, যা অবৈধ উৎস থেকে আসা অর্থ হিসেবে গণ্য হচ্ছে।

-20251219105626.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন