ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিচ্ছেদের ঘোষণা দিলেন ভারতের জনপ্রিয় অভিনেত্রী

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ২২, ২০২৫, ১২:০৯ পিএম
জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর। ছবি- সংগৃহীত

বছর শেষে ভারতীয় বিনোদন জগতে এলো এক বিচ্ছেদের খবর। নিজের বিবাহবিচ্ছেদের ঘোষণা দিয়েছেন ওপার বাংলার জনপ্রিয় নৃত্যশিল্পী, মডেল ও অভিনেত্রী শ্রীনন্দা শঙ্কর।

রোববার (২১ ডিসেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন তিনি। একই সঙ্গে ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে এই কঠিন সময়ে ব্যক্তিগত বিষয়টিকে সম্মান জানানোর অনুরোধও জানান শ্রীনন্দা।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, বিচ্ছেদ নিয়ে নানা আলোচনা হলেও এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া দেবেন না শ্রীনন্দা, তার সদ্য প্রাক্তন স্বামী জেভ সাতারাওয়াল কিংবা তার মা প্রখ্যাত নৃত্যশিল্পী তনুশ্রী শঙ্কর।

বিচ্ছেদের কারণ স্পষ্ট না করলেও শ্রীনন্দার পোস্টে ফুটে উঠেছে ভাঙা সম্পর্কের চাপা কষ্ট। তিনি লিখেছেন, অনলাইনে দেখা জনপ্রিয় ভিডিও কিংবা ছবি কখনোই দাম্পত্য জীবনের পুরো সত্য তুলে ধরে না।

নৃত্যজগতে উদয় শঙ্কর ও মমতা শঙ্করের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন শ্রীনন্দা শঙ্কর। পাশাপাশি মডেলিং ও অভিনয়েও নিজের দক্ষতার স্বাক্ষর রেখেছেন তিনি।

উল্লেখ্য, ২০০৯ সালে মহারাষ্ট্রের পার্সি ব্যবসায়ী জেভ সাতারাওয়ালের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন শ্রীনন্দা। কলকাতায় ভারতীয় ও পার্সি—দুই রীতিতেই তাদের বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে তারা মুম্বাইয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। শ্রীনন্দা-জেভ দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে।

সোশ্যাল মিডিয়ায় কিছুদিন আগেও তাদের সুখী দাম্পত্য জীবনের নানা মুহূর্তের ছবি দেখা গেলেও ভেতরে যে সম্পর্কের টানাপোড়েন চলছিল, তা বাইরে থেকে বোঝা যায়নি।