ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চ্যালেঞ্জ আমার নিজের সঙ্গে : তিথী

মিনহাজুর রহমান নয়ন
প্রকাশিত: মে ২৭, ২০২৬, ০২:৩২ পিএম
সৈয়দা তৌহিদা হক তিথী। ছবি : সংগৃহীত

মডেলিং জগতে অনেক দিন ধরেই প্রথম সারিতে আছেন সৈয়দা তৌহিদা হক তিথী। দেশের শীর্ষ ব্র্যান্ডগুলোর সঙ্গে নিয়মিত কাজ করে যাচ্ছেন তিনি। এর পাশাপাশি অভিনয়েও নাম লিখিয়েছেন তিথী। জাজ মাল্টিমিডিয়ার প্রযোজনায় সৈকত নাসিরের পরিচালনায় ‘মাসুদ রানা’–তেও অভিনয় করেছেন তিথী।

ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে। প্রথম সিনেমা নিয়ে প্রত্যাশা ও আগামীর পরিকল্পনা নিয়ে কথা বলেছেন দৈনিক রূপালী বাংলাদেশ-এর সঙ্গে।

প্রথমবারের মতো সিনেমায় দেখা যাবে৷ অনুভূতি জানতে কেমন?

যেহেতু প্রথমবার সিনেমাতে আমাকে দেখা যাবে, অবশ্যই আমার অনুভূতি অন্যরকম। যা আমি এককথায় কখনই প্রকাশ করতে পারব না।

কেমন চরিত্রে দেখা যাবে?

আমার চরিত্রটার নাম হচ্ছে 'নবনিতা'। যারা মাসুদ রানা সিরিজ পড়েছেন, তারা অবশ্যই এই ক্যারেক্টারটা সম্পর্কে অবগত। নবনিতা চরিত্রটার বিশেষত্ব হচ্ছে সে খুবই ইন্টেলিজেন্ট, কনফিডেন্ট, স্মার্ট, গ্রেসফুল এবং শার্প। তার মধ্যে যেমন মিস্টেরিয়াস একটা ব্যাপার আছে, তেমনি স্ট্রেন্থও আছে। আর আমি চেষ্টা করেছি এলিগেন্স এবং এই চরিত্রের ইনার পাওয়ার—এই দুটোর মাধ্যমেই চরিত্রটাকে পোর্ট্রে করতে।

উপন্যাসটি পড়েছেন?

অবশ্যই উপন্যাসটি পড়েছি। ছোটবেলায় পড়েছি এবং সেটা অবশ্যই মনে থাকার মতো না। যেহেতু আমি এই সিনেমাতে যুক্ত, একটা গুরুত্বপূর্ণ চরিত্রে আছি; সিনেমা করার আগে অবশ্যই বইটা আমাদেরকে পড়তে হয়েছে এবং আমি নিজে থেকেই পড়েছি। আর শুধু এই পর্বটা পড়েছি বিষয়টা তা না, আরও অনেকগুলো সিরিজই পড়া হয়েছে।

চরিত্রটিতে নিজেকে কীভাবে রূপ দিলেন?

আমার নিজস্ব কোনো রূপ দেওয়ার বিষয়বস্তু এখানে আসলে ছিল না। নবনিতা হচ্ছে মাসুদ রানা সিনেমার একটা চরিত্র। সেই চরিত্রটাকেই আমি চেষ্টা করেছি সুন্দরভাবে উপস্থাপন করার।

মডেলিং থেকে বড় পর্দায়, সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন?

মডেলিং হচ্ছে একটা মাধ্যম, মিডিয়া ইন্ডাস্ট্রির একটা মাধ্যম হচ্ছে মডেলিং। ওখান থেকে সিনেমাতে বা বড় পর্দায় কাজ করতে পারাটা অবশ্যই অনেক লাকি আমি মনে করব। আমি নিজেকে যেভাবে গড়ে তুলে বা নিজেকে আমি ওভাবে গড়ে তুলতে পেরেছি বলেই আমি বড় পর্দায় কাজ করতে পেরেছি। এখন পর্যন্ত অবশ্যই আমাদের পুরো টিমসহ আমি, আমরা সবাই ভীষণ আশাবাদী আমাদের এই মাসুদ রানা সিনেমাটি নিয়ে।

আপনার শুরুর গল্প জানতে চাই-

আমার ক্যারিয়ার শুরু হয়েছে মূলত ২০১৬ সালে। আমি একটা ইন্দো-বাংলা বিউটি কনটেস্ট কম্পিটিশন, যেটা কলকাতা এবং বাংলাদেশ যৌথ প্রযোজনায় হয়, সেখানে আমি উইনার হই। তারপরে রিয়ালাইজ করতে পারি আসলে এই পথটা আমার জন্য, আমি ভালো করতে পারব। এর আগেও আমার ভালো লাগত কাজ করতে, কিন্তু আমার কনফিডেন্সটা অনেক নাইসলি গ্রো আপ হয় এই কম্পিটিশনের পর থেকে। এরপর থেকে আমি আমাদের ফ্যাশন মিডিয়ার যত ভালো ভালো ব্র্যান্ড আছে, সবার সঙ্গে আমার কাজ করা হয়েছে। দেন আমার রিয়ালাইজ হয় যে আমি ভিজ্যুয়্যালেও কাজ করতে পারব এবং কাজ করা আমার উচিত। আমি অনেক ট্রেইন করেছি, শিখেছি, এখনও শিখছি। আমাদের মাসুদ রানার শুটিং শুরু হয় অলমোস্ট সাড়ে চার থেকে পাঁচ বছর আগে, তখন আমি অডিশনের মাধ্যমে নির্বাচিত হই জাজ মাল্টিমিডিয়ার। তখন অবশ্যই আমার যে ম্যাচিউরনেস ছিল বা অ্যাক্টিং স্কিল যা ছিল, তাকে আমি আরও অনেক বেটার করার ট্রাই করেছি ডে বাই ডে, শেখার ট্রাই করেছি এবং শিখছি।

ভবিষ্যৎ পরিকল্পনা?

ভবিষ্যৎ পরিকল্পনা এই সেক্টর থেকে অবশ্যই অনেক কিছুই চিন্তা করছি। তবে চেষ্টা করব নিজের কিছু ভালো কাজ আপনাদেরকে দিতে, যেন আমার এই কাজগুলো নিয়ে সবসময় কথা হয়। একটা সময় পর যখন আমি আর কাজ করব না, যেন আমার ভালো কিছু কাজ আমার লাইফে থাকে। এবং একটা ভালো জায়গায় নিজেকে অবশ্যই দেখতে চাই, বেস্ট একটা জায়গায়।

প্রতিষ্ঠিত নায়িকাদের ভিড়ে আপনি নতুন। সবমিলিয়ে অভিষেক কতটা চ্যালেঞ্জিং?

অবশ্যই প্রতিষ্ঠিত নায়িকাদের ভিড়েই নতুনদের আসতে হয়, এটাই স্বাভাবিক। নতুনরা আসবে, ওদের অ্যাক্টিং স্কিল ভালো হলে তারা ভালো কাজ করবে। আসলে আমি জানি না চ্যালেঞ্জিংয়ের বিষয়টা কী। চ্যালেঞ্জ আমার নিজের সঙ্গে, অন্য কারও সঙ্গে না। যে আমি বেস্টটা করতে পারছি কি না। আমার সাইড থেকে যতটুকু সম্ভব, আমি আবারও বলছি যে পাঁচ বছর আগে আমি আমার যতটুকু অ্যাক্টিং স্কিল ছিল, সেই শিক্ষাটা থেকেই আমি চেষ্টা করেছি বেস্টটা দেওয়ার। বাট অবশ্যই তার থেকে এখন আমার বেটার অভিজ্ঞতা হয়েছে। সো, চ্যালেঞ্জিংটা নিজের কাছেই।

ঈদে বড় পর্দায় হাজির হচ্ছেন যা একজন নায়িকার জন্য যেমন চ্যালেঞ্জিং তেমন অনেক আশার ব্যাপার, কেমন টেনশন হচ্ছে?

অবশ্যই কোনো টেনশন হচ্ছে না। বরং খুব ভালো লাগছে, খুবই আনন্দিত আমি যে বড় পর্দায় নিজেকে প্রথমবার দেখতে পারব এবং খুবই এক্সাইটেড। আর চ্যালেঞ্জিং বলতে—নিজের সঙ্গে চ্যালেঞ্জিং এটা, অন্য কারও সঙ্গে না। যে দর্শকরা এবং জনগণরা কীভাবে আমার চরিত্রটাকে নেবে, এটাই আমার জন্য চ্যালেঞ্জিং। ভালো করতে পেরেছি, নাকি খারাপ হয়েছে।