বলিউডের ‘ভাইজান’ সালমান খান এবং দক্ষিণ ভারতের ‘লেডি সুপারস্টার’ নয়নতারাকে নিয়ে বড়সড় চমক দিচ্ছে ভারতীয় চলচ্চিত্র অঙ্গন। পিঙ্কভিলার বরাতে জানা গেছে, নির্মাতা বংশী পৈডিপল্লীর আসন্ন বিগ বাজেটের অ্যাকশন ড্রামায় জুটি বাঁধছেন এই দুই মেগাস্টার। প্রথমবারের মতো রুপালি পর্দায় এই দুই তারকার রসায়ন দেখার সুযোগ মিলবে, যা নিয়ে সিনেমাপ্রেমীদের মাঝে এখন উত্তেজনা তুঙ্গে।
শ্রী ভেঙ্কটেশ্বর ক্রিয়েশনসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা দিল রাজু। দীর্ঘ প্রতীক্ষিত এই মেগা প্রজেক্টের আনুষ্ঠানিক ঘোষণা আজই আসার কথা রয়েছে। নির্মাতারা সিনেমাটিকে ২০২৭ সালের সবচেয়ে বড় ও আলোচিত মুক্তি হিসেবে দেখছেন এবং সেই লক্ষ্যেই দীর্ঘমেয়াদি পরিকল্পনা সাজাচ্ছেন।
প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, আগামী এপ্রিল মাসের মাঝামাঝি সময় থেকেই শুরু হচ্ছে এই সিনেমার চিত্রধারণ। শুটিং শুরুর পরপরই সিনেমার নাম এবং অন্যান্য অভিনয়শিল্পীর পরিচয় আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।
পরিচালক বংশী পৈডিপল্লী এর আগে ‘মহর্ষি’ ও ‘বারিসু’-র মতো ব্লকবাস্টার সিনেমা দিয়ে নিজের মুন্সিয়ানা প্রমাণ করেছেন। অন্যদিকে, সালমান খানের ঝুলিতে রয়েছে ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজি ও ‘বজরঙ্গি ভাইজান’-এর মতো একের পর এক ইন্ডাস্ট্রি হিট। এই দুই শক্তিশালী নির্মাতার সঙ্গে সালমান ও নয়নতারার শক্তিশালী কাস্টিং সিনেমাটিকে একটি বড় মাপের ‘স্টার-ড্রিভেন’ প্রজেক্ট হিসেবে প্রতিষ্ঠিত করেছে।
সিনেমা সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, এই অ্যাকশন ড্রামায় যেমন টানটান উত্তেজনা থাকবে, তেমনি বংশীর ঘরানা অনুযায়ী গল্পে থাকবে গভীর আবেগের ছোঁয়া। ভারতের দুই প্রধান ফিল্ম ইন্ডাস্ট্রির এই মেলবন্ধন বক্স অফিসে নতুন কোনো ইতিহাস গড়বে বলেই ধারণা করছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।


