দক্ষিণী সিনেমার মহাতারকা থালাপতি বিজয় ও সঙ্গীতা স্বর্ণালিঙ্গমের দীর্ঘ দুই দশকের সাজানো সংসার কি তবে সত্যিই ভেঙে যাচ্ছে? গত কয়েক মাস ধরে চলা গুঞ্জন এখন বাস্তবে রূপ নিতে শুরু করেছে। এই তারকা দম্পতির বিচ্ছেদ এখন কেবল বিচ্ছেদেই সীমাবদ্ধ নেই, বরং রূপ নিয়েছে এক বিশাল আর্থিক ও আইনি যুদ্ধে।
মামলা সূত্রে জানা গেছে, স্ত্রী সঙ্গীতা বিচ্ছেদের বিনিময়ে বিজয়ের কাছে প্রায় ২৫০ কোটি ভারতীয় রুপি (বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫০ কোটি টাকা) এবং চেন্নাইয়ে সমুদ্রের ধারে একটি বিলাসবহুল বাড়ি দাবি করেছেন। তবে অভিনেতা বিজয় এই বিপুল অঙ্কের টাকা দিতে রাজি নন। তিনি আদালতের বাইরে বিষয়টি মীমাংসা করতে চাইছেন এবং খোরপোশ বাবদ সর্বোচ্চ ৩৫ কোটি রুপি দেওয়ার প্রস্তাব দিয়েছেন। দাবিকৃত অর্থ এবং প্রস্তাবিত অর্থের এই বিশাল ব্যবধান নিয়ে দুই পক্ষের মধ্যে এখন চরম দরাদরি চলছে।
বর্তমানে তামিলনাড়ু বিধানসভা নির্বাচন নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিজয়। নির্বাচনী ব্যস্ততার কারণে ২০ এপ্রিলের নির্ধারিত শুনানিটি স্থগিত রাখার আবেদন করেছিলেন তিনি। আদালত সেই আবেদন মঞ্জুর করে আগামী ১৫ জুন মামলার পরবর্তী দিন ধার্য করেছে। এর ফলে আইনি প্রক্রিয়া আপাতত দুই মাস পিছিয়ে গেল।
সঙ্গীতার অভিযোগ, বিজয়ের সাথে অন্য এক অভিনেত্রীর ঘনিষ্ঠতা বা পরকীয়ার কারণেই তাদের সুখের সংসারে অশান্তি শুরু হয়। অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে, ২০২১ সাল থেকেই তাদের মধ্যে মানসিক দূরত্ব তৈরি হয় এবং একপর্যায়ে বিজয় তার স্ত্রীকে ত্যাগ করেন। এই পরিস্থিতিতে বিজয়ের ছেলে জেসন সঞ্জয়ও বাবার ওপর ক্ষুব্ধ হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে আনফলো করে দিয়েছেন।
সব মিলিয়ে থালাপতি বিজয়ের ব্যক্তিগত জীবন এখন কোনো সিনেমার টানটান চিত্রনাট্যের চেয়ে কম নয়। আগামী জুনের শুনানিতেই বোঝা যাবে, এই বিবাদ কোন দিকে মোড় নেয়। ভক্তরা এখন দেখার অপেক্ষায়, পর্দার নায়ক বাস্তব জীবনের এই সংকট কীভাবে মোকাবিলা করেন।


