দীর্ঘ দেড় দশক পর বলিউডের ‘খিলাড়ি’ অক্ষয় কুমার ও পরিচালক প্রিয়দর্শনের পুনর্মিলন যেন এক রাজকীয় প্রত্যাবর্তন। গত শুক্রবার (১৭ এপ্রিল) মুক্তি পাওয়ার পর থেকেই বক্স অফিসে দাপট দেখাচ্ছে তাদের হরর-কমেডি ঘরানার নতুন সিনেমা ‘ভূত বাংলা’। মাত্র চার দিনেই বিশ্বজুড়ে ১০০ কোটি রুপির মাইলফলক ছাড়িয়ে গেছে ছবিটি।
ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী, প্রথম চার দিনে সিনেমাটির বিশ্বব্যাপী মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১০৬ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে ১২.২৫ কোটি রুপি দিয়ে যাত্রা শুরু করলেও দ্বিতীয় দিনে আয়ের গ্রাফ বাড়ে অবিশ্বাস্যভাবে—প্রায় ৫৫ শতাংশ। এমনকি সপ্তাহের কাজের দিনগুলোতেও ছবিটির জনপ্রিয়তায় ভাটা পড়েনি; গত সোমবার ভারতের বাজার থেকে এটি সংগ্রহ করেছে প্রায় ৭ কোটি রুপি।
বর্তমানে ভারতের অভ্যন্তরীণ বাজারে ‘ভূত বাংলা’র নেট কালেকশন ৬৫ কোটি রুপি এবং গ্রস কালেকশন দাঁড়িয়েছে ৭৮ কোটি রুপিতে। অন্যদিকে, আন্তর্জাতিক বাজার থেকেও দারুণ সাড়া মিলছে; বিদেশের প্রেক্ষাগৃহগুলো থেকে এখন পর্যন্ত আয় হয়েছে প্রায় ২৯ কোটি রুপি।
অক্ষয় কুমার ও প্রিয়দর্শন জুটির সেই চিরচেনা হাস্যরসের আবেদনই দর্শকদের হলে টানছে বলে মনে করছেন সিনেমা বিশ্লেষকরা। এছাড়া এই সিনেমায় আরও অভিনয় করেছেন টাবু, পরেশ রাওয়াল ও রাজপাল যাদবের মতো অভিজ্ঞ তারকারা। নতুন প্রজন্মের অভিনেত্রী ওয়ামিকা গাব্বির সাবলীল পারফরম্যান্সও আলাদাভাবে নজর কেড়েছে। মূলত ১০ এপ্রিল মুক্তির কথা থাকলেও এক সপ্তাহ পিছিয়ে ১৭ এপ্রিল মুক্তি পাওয়া দর্শকদের আগ্রহকে আরও বাড়িয়ে দিয়েছে।
বক্স অফিসে বড় বাজেটের অন্যান্য সিনেমার সঙ্গে তুমুল প্রতিযোগিতা চললেও ‘ভূত বাংলা’ নিজের অবস্থান শক্ত করে নিয়েছে। এই সাফল্যের রেশ কাটতে না কাটতেই অক্ষয় ভক্তরা অপেক্ষায় আছেন তার পরবর্তী প্রজেক্ট ‘ওয়েলকাম টু দ্য জঙ্গল’, ‘হায়ওয়ান’ এবং ‘গোলমাল ৫’-এর জন্য।


