শীতের তীব্রতা ও কুয়াশায় মোড়ানো চারপাশে সাধারণ মানুষ যেমন সুরক্ষার চেষ্টা করছেন, ঠিক তেমনি অভিনেত্রী জয়া আহসানও। তবে ঠান্ডাকে জয় করার জন্য তিনি খুঁজে নিয়েছেন এক আলাদা ও ঘরোয়া উপায়।
ড্রয়িংরুমের বিলাসবহুল সোফা ছেড়ে জয়া এখন সময় কাটাচ্ছেন মাটির রান্নাঘরে, আগুনের উষ্ণতা উপভোগ করতে করতে দুপুরের রান্না সারছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি একটি ভিডিও শেয়ার করেছেন।
ভিডিওতে দেখা যায়, জয়া মোটা জ্যাকেট, মাথায় টুপি এবং পায়ে মোজা পরে শীতের সব প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন। শীত কাটানোর জন্য তিনি বেছে নিয়েছেন মাটির চুলার উষ্ণতা।
জয়া বলেন, ‘আমি আসলে বেশি রান্না পারি না। আমাদের এটা একটি মাটির রান্নাঘর, অনেকগুলো মাটির চুলা আছে। আমি তো রান্না পারি না, শুধু ওদের রান্না করতে পারি।’
তিনি আরও বলেন, ‘শীতকালে মাটির চুলাতেই রান্না করছি। চারিদিকে এত ঠান্ডা যে কোথাও বসতে পারছি না। এই রান্নাঘরই একমাত্র আরামদায়ক জায়গা। মাটির চুলায় রান্না করলে অনেক মজা হয়।’
ভিডিওটি প্রকাশ্যে আসতেই ভক্তরা জয়ার ঘরোয়া রূপে মুগ্ধ হয়েছেন। কেউ বলেছেন, এত বড় তারকা হলেও শেকড়ের প্রতি তার টান প্রশংসনীয়। আবার অনেকে মাটির চুলার রান্নার স্বাদের স্মৃতি কমেন্ট বক্সে রোমন্থন করেছেন। শীতের আলসেমি দুপুরে জয়ার এই ঘরোয়া মুহূর্ত ভক্তদের কাছে এক অন্যরকম প্রাপ্তি হিসেবে ফুটে উঠেছে।


