মাত্র ২৪ সেকেন্ডের একটি ভিডিও ঘিরেই সামাজিক যোগাযোগমাধ্যমে তোলপাড় সৃষ্টি হয়েছে। দেশের জনপ্রিয় তারকা আফরান নিশো ও চিত্রনায়িকা পূজা চেরীর একটি শুটিং দৃশ্য সম্প্রতি ভাইরাল হয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
জানা গেছে, পাবনার ভাঙ্গুড়ায় ‘দম’ সিনেমার শুটিং চলাকালে ধারণ করা ওই ভিডিওটি প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ফাঁস হওয়া দৃশ্যে আফরান নিশো ও পূজা চেরীকে একসঙ্গে একটি শট দিতে দেখা যায়। সিনেমাটিতে পূজাকে নায়িকা হিসেবে দেখে ভক্তদের মধ্যে যেমন উচ্ছ্বাস দেখা গেছে, তেমনি শুটিংয়ের ভিডিও প্রকাশ পাওয়াকে ঘিরে উঠেছে নানা প্রশ্ন।
শুটিং চলাকালে সেখানে উৎসুক জনতার ভিড় ছিল চোখে পড়ার মতো। ধারণ করা সেই দৃশ্য বিভিন্ন ফেসবুক পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়তেই শুরু হয় আলোচনা। বিশেষ করে প্রযোজনা টিমের গোপনীয়তা ও নিরাপত্তা ব্যবস্থা নিয়েও সমালোচনা করছেন অনেকেই। প্রশ্ন উঠছে, এ ধরনের সংবেদনশীল দৃশ্য কীভাবে বাইরে এলো?
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনদের মন্তব্যও নজর কেড়েছে।
একজন লিখেছেন, ‘এ ধরনের ভিডিও ধারণ করে তা প্রচার করা অপেশাদারি। এতে মিডিয়ার মান ও দায়িত্বশীলতা নিয়ে প্রশ্ন ওঠে।’
আরেকজনের মন্তব্য, ‘এসব ভিডিও অনেক সময় টিম থেকেই লিক করা হয় নিজেদের সুবিধার জন্য।’
তবে ভিন্ন মতও রয়েছে। কেউ কেউ এটিকে সিনেমার প্রচারণার অংশ বলেও মন্তব্য করেছেন।
এক নেটিজেন লিখেছেন, ‘এগুলোও প্রমোশনের কৌশল।’ আরেকজনের ভাষ্য, ‘এটা পরিচালকের পরিকল্পিত প্রচারণা হতে পারে।’
সব আলোচনা-সমালোচনার মাঝেও ‘দম’ সিনেমাটি নিয়ে দর্শকদের আগ্রহ তুঙ্গে। অ্যাকশন ও টানটান উত্তেজনায় ভরপুর এই ছবিতে প্রথমবারের মতো একসঙ্গে দেখা যাবে আফরান নিশো ও পূজা চেরীকে। তাদের নতুন কেমিস্ট্রি নিয়ে দর্শকের কৌতূহলও কম নয়। সিনেমাটিতে আরও অভিনয় করছেন চঞ্চল চৌধুরী।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন