বাংলা সিনেমার ইতিহাসে যে ক’জন নায়ক দর্শক-হৃদয়ে গভীর ছাপ রেখে গেছেন, তাদের মধ্যে অন্যতম সালমান শাহ। ক্ষণজন্মা এই তারকার সিনেমা আজও দর্শককে টানে প্রেক্ষাগৃহে। সেই ধারাবাহিকতায় আবারও বড় পর্দায় ফিরেছে তার জনপ্রিয় কিছু সিনেমা।
পুরান ঢাকার বাবুবাজার ব্রিজ সংলগ্ন লায়ন সিনেমাসে শুরু হয়েছে বিশেষ আয়োজন ‘ফিরে দেখি সালমান শাহ’। এই আয়োজনে প্রদর্শিত হচ্ছে সালমান শাহ অভিনীত তিনটি জনপ্রিয় সিনেমা- স্বপ্নের পৃথিবী, অন্তরে অন্তরে ও সত্যের মৃত্যু নেই। সিনেমাগুলো পরিচালনা করেছেন যথাক্রমে বাদল খন্দকার, শিবলী সাদিক ও ছটকু আহমেদ।
এ আয়োজন প্রসঙ্গে এক ভিডিওবার্তায় লায়ন সিনেমাস জানায়, কিছু নায়ক সিনেমায় আসেন, আর কিছু নায়ক বদলে দেন পুরো চিত্রজগতটাই। সালমান শাহ ঢাকাই সিনেমার সুপারস্টার, যার নাম একটি প্রজন্মের আবেগ হয়ে উঠেছিল। তার বিদায় আজও কাঁদায় লাখো সিনেমাপ্রেমীকে।
আয়োজকরা জানান, ২৩ জানুয়ারি থেকে শুরু হওয়া এই আয়োজন চলবে ২৯ জানুয়ারি পর্যন্ত। প্রতিদিন একটি করে সিনেমা প্রদর্শিত হবে, থাকছে দুটি শো।
সিনেমাপ্রেমীদের জন্য এই আয়োজন আবারও বড় পর্দায় ফিরে দেখার সুযোগ করে দিচ্ছে নব্বইয়ের দশকের অন্যতম জনপ্রিয় এই নায়কের স্মরণীয় সব কাজ।


