অভিনয়ের পাশাপাশি অনন্ত জলিল একজন গার্মেন্টস ব্যবসায়ী হিসেবেও পরিচিত। তবে বর্তমানে তার ব্যবসা ভালো যাচ্ছে না। কারখানায় কর্মীর সংখ্যা কমে এক-তৃতীয়াংশে নেমে এসেছে। এ পরিস্থিতিতে আপাতত সিনেমা থেকে সরে দাঁড়িয়ে পুরো মনোযোগ ব্যবসায় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
এ কারণে অনন্ত জলিল ও তার স্ত্রী অভিনেত্রী বর্ষা সাময়িকভাবে সিনেমায় কাজ না করার ঘোষণা দিয়েছেন। সম্প্রতি অনন্ত জলিল নিজেই এ কথা জানান। ফলে এই জুটিকে নিয়ে নির্মাণাধীন সিনেমাগুলোর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে।
অনন্ত জলিল বলেন, সিনেমা করলেও সিনেমার জন্য কখনো পাগল ছিলাম না। আমি মূলত ব্যবসায়ী মানুষ। শুটিংয়ের ফাঁকে ফাঁকে ব্যবসার খোঁজ রাখতাম। এখন ব্যবসা ভালো অবস্থায় নেই। এই সময়ে সিনেমায় মন দিলে সামনে আরও কঠিন পরিস্থিতিতে পড়তে হতে পারে। যখন সংকট আসে, আমি সেটি কাটিয়ে ওঠার দিকেই মনোযোগ দিই—এটাই আমার স্বভাব।
দেড় যুগ আগে বড় পর্দায় অভিষেকের পর থেকে প্রতিটি সিনেমায় স্ত্রী বর্ষার সঙ্গে জুটি বেঁধেই কাজ করেছেন অনন্ত জলিল। এ প্রসঙ্গে তিনি বলেন, যখন সিনেমা করব, তখন দুজন একসঙ্গেই করব। না করলে কেউই করব না। সিনেমা আমাদের পেশা নয়, শখ।
বর্তমানে এই জুটির দুটি সিনেমার শুটিং এখনো পুরোপুরি শেষ হয়নি। সেগুলোর ভবিষ্যৎ নিয়ে অনন্ত জলিল বলেন, যদি কখনো ভালো সময় আসে, তাহলে কাজ করব। নইলে নয়।
উল্লেখ্য, অনন্ত জলিলের ‘নেত্রী: দ্য লিডার’ ও ‘অপারেশন জ্যাকপট’—এই দুটি সিনেমার শুটিং এখনো অসম্পূর্ণ রয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন