ঢাকাই সিনেমার সোনালী দিনের জনপ্রিয় চিত্রনায়িকা গুলশান আরা আক্তার চম্পা এ বছর পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। পারিবারিক সদস্যদের সঙ্গে নিয়ে এই ধর্মীয় সফরের প্রস্তুতি নিচ্ছেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে চম্পা তার এই ইচ্ছার কথা প্রকাশ করেন। জীবনের এক নতুন অধ্যায় শুরুর এই সিদ্ধান্তের কথা তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
বরেণ্য এই অভিনেত্রী জানান, তার বড় দুই বোন—কিংবদন্তি অভিনেত্রী সুচন্দা ও ববিতা ইতোমধ্যেই হজ সম্পন্ন করেছেন। নিজের দীর্ঘদিনের লালিত এই ইচ্ছা পূরণ প্রসঙ্গে চম্পা বলেন, ‘আপা (ববিতা ও সুচন্দা) দুজনেই হজ করেছেন। তখন নানা কারণে আমার যাওয়া হয়ে ওঠেনি। এবার আল্লাহ সুযোগ দিয়েছেন। সবকিছু ঠিক থাকলে পরিবারের সদস্য ও ভাইকে নিয়ে এ বছরই হজ পালন করবো ইনশাআল্লাহ।’
মডেল হিসেবে ক্যারিয়ার শুরু করা চম্পার ছোট পর্দায় অভিষেক হয়েছিল নাটকের মাধ্যমে। তবে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় পা রেখেই বাজিমাত করেন তিনি। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। ‘পদ্মা নদীর মাঝি’, ‘শঙ্খনীল কারাগার’, ‘পদ্মা মেঘনা যমুনা’, ‘অন্য জীবন’ এবং ‘মনের মানুষ’-এর মতো অসংখ্য ধ্রুপদী চলচ্চিত্রে অভিনয় করে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অনন্য উচ্চতায়।
দীর্ঘ ক্যারিয়ারে শতাধিক চলচ্চিত্রে অভিনয় করা চম্পা তার কাজের স্বীকৃতিস্বরূপ পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছেন। এর মধ্যে তিনবার শ্রেষ্ঠ অভিনেত্রী এবং দুইবার পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর গৌরব অর্জন করেন তিনি। কেবল বাণিজ্যিক ধারার সিনেমাই নয়, সমান্তরাল বা আর্ট ফিল্মেও তার অভিনয় দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসিত হয়েছে।
জীবনের দীর্ঘ সময় অভিনয় দিয়ে ভক্তদের বিনোদিত করার পর এবার আধ্যাত্মিক এই সফরের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন গুণী এই শিল্পী।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন