ঢালিউড সুপারস্টার শাকিব খান ও জনপ্রিয় নির্মাতা আদনান আল রাজীবের রসায়ন মানেই নতুন কিছু। বিজ্ঞাপনের পর এবার এই জুটি হাজির হলেন একটি বিগ বাজেটের মিউজিক ভিডিও নিয়ে। সম্প্রতি প্রকাশিত ‘জয়ধ্বনি’ শিরোনামের গানটি দেশি-বিদেশি দক্ষ টিমের ছোঁয়ায় সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।
গত শীত মৌসুমে বিজ্ঞাপনে ঝড় তোলার পর এবার ভিন্ন এক লুকে শাকিব খানকে দর্শকদের সামনে হাজির করলেন নির্মাতা আদনান আল রাজীব। এম রাইজ-এর পৃষ্ঠপোষকতায় প্রকাশিত হয়েছে শাকিবের নতুন মিউজিক ভিডিও ‘জয়ধ্বনি’।
নির্মাতা আদনান আল রাজীব জানান, এই গানটি তৈরিতে বাংলাদেশ ছাড়াও ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং তুরস্কের একঝাঁক প্রতিভাবান শিল্পী ও টেকনিক্যাল টিম কাজ করেছে। পুরো গানের দৃশ্য ধারণ করা হয়েছে শ্রীলঙ্কার মনোরম লোকেশনে।
গানটি লিখেছেন এবং চিত্রনাট্য সাজিয়েছেন এস এম আহসানুস শাকিব। ভারতের নাওজাদ পাটেলের সংগীতে কণ্ঠ দিয়েছেন নিলয় আহমেদ, আর র্যাপ অংশে ছিলেন টুকু শেরবাতস্কি। নাচের নির্দেশনায় (কোরিওগ্রাফি) ছিলেন ভারতের সিজার গনসালভেস এবং সিনেমাটোগ্রাফিতে ছিলেন পাকিস্তানের আহসান রাজা। গানটির কালার গ্রেডিংয়ের কাজ হয়েছে তুরস্কে।
এম রাইজ-এর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের অপ্রকাশিত প্রতিভাদের সামনে নিয়ে আসাই এই প্রজেক্টের মূল উদ্দেশ্য। সমাজের বিভিন্ন ক্ষেত্রে যারা অবদান রাখছেন, তাঁদের অনুপ্রাণিত করতেই শাকিব খানকে নিয়ে এই বিশাল আয়োজন। শাকিবের উপস্থিতি সাধারণ মানুষের সঙ্গে এই উদ্যোগের একটি গভীর সংযোগ তৈরি করেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আদনান আল রাজীব বলেন, “শাকিব খানের সাথে আমার আগের কাজগুলো দর্শক পছন্দ করেছেন। এবারের আয়োজনটি ছিল আরও বিশাল। প্রকাশের পর থেকেই দারুণ সাড়া পাচ্ছি।”
মিউজিক ভিডিওর সাফল্যের রেশ কাটতে না কাটতেই শাকিব খান এখন ব্যস্ত তাঁর নতুন সিনেমা ‘রকস্টার’ নিয়ে। আজমান রুশো পরিচালিত এই সিনেমায় শাকিব খানকে একদম ভিন্ন এক লুকে দেখা যাবে। মজার ব্যাপার হলো, খোদ শাকিব খানের আইডিয়া থেকেই এই সিনেমার গল্পের সূত্রপাত। নির্মাতা জানান, শাকিব নিজেই এমন একটি চরিত্রে অভিনয়ের ইচ্ছা পোষণ করেছিলেন।
এই সিনেমায় শাকিবের বিপরীতে অভিনয় করছেন সাবিলা নূর। সব ঠিক থাকলে আগামী কোরবানির ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে প্রতীক্ষিত এই সিনেমাটি।


