ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রশংসিত ‘ময়না’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: মে ২৩, ২০২৬, ০৫:৪১ পিএম
ছবি : সংগৃহীত

দেশের চলচ্চিত্রে নতুন করে আলোচনায় এসেছে মানবিক ও সামাজিকধর্মী সিনেমা ‘ময়না’। নারীর জীবনসংগ্রাম, মাতৃত্বের অনুভূতি, সমাজের বাস্তবতা এবং আবেগঘন সম্পর্ককে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রটি দেশীয় গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও প্রশংসা কুড়াচ্ছে। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন মনজুরুল ইসলাম মেঘ এবং প্রযোজনা করেছেন আলিমুল্লাহ খোকন। সিনেমাটির গল্প ও কাহিনি লিখেছেন আলিমুল্লাহ।

সিনেমাটিতে অভিনয়ে করেছেন রাজ রিপা, আমান রেজা, কায়েস আরজুসহ অনেকে। বিশেষ করে রাজ রিপার অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

‘ময়না’ মূলত একটি মানবিক, আবেগঘন ও সমাজসচেতনতামূলক চলচ্চিত্র। এখানে নারীর আত্মত্যাগ, পারিবারিক বাস্তবতা এবং জীবনের কঠিন সংগ্রাম অত্যন্ত সংবেদনশীলভাবে তুলে ধরা হয়েছে। ফলে সিনেমাটি শুধু বিনোদনের মধ্যেই সীমাবদ্ধ থাকেনি, বরং দর্শকদের মনে গভীর আবেগ ও উপলব্ধির জন্ম দিয়েছে।

আন্তর্জাতিক অঙ্গনেও সিনেমাটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে। ইতালির ‘গালফ অব নেপলস ইন্ডিপেনডেন্ট ফিল্ম ফেস্টিভ্যাল’-এ ‘ময়না’ অর্জন করেছে ‘বিশেষ সম্মাননা পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া একমাত্র এশীয় চলচ্চিত্র হিসেবেও এটি বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বর্তমানে সিনেমাটি দক্ষিণ কোরিয়ায় প্রদর্শনের জন্য যাচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য অত্যন্ত গর্বের বিষয়। এ উপলক্ষে সিনেমাটির কাহিনিকার আলিম উল্লাহকে উৎসবের উদ্বোধনী ও সমাপনী লালগালিচা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে একজন বাংলাদেশি কাহিনিকারকে এভাবে সম্মানিত করা দেশের চলচ্চিত্রাঙ্গনের জন্য নিঃসন্দেহে একটি বড় অর্জন।

সব মিলিয়ে ‘ময়না’ শুধু একটি সিনেমা নয়, বরং বাংলাদেশের গল্প, সংস্কৃতি ও মানবিক আবেগকে বিশ্বদরবারে তুলে ধরার একটি সফল প্রয়াস।