জিয়াউদ্দিন আলমের পরিচালনায় পারিবারিক অশান্তির নানা গল্প নিয়ে অহনা রহমান ও রাশেদ সীমান্তকে জুটি করে নির্মাণ করেছেন একক নাটক ‘অশান্তির সংসার’। নাটকটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরারী ফরহাদ।
সম্প্রতি নাটকটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেলে অবমুক্ত হয়েছে। নাটকটি সম্পূর্ণ নোয়াখালীর ভাষায় নির্মিত হয়েছে বলে নির্মাতা দৈনিক রূপালী বাংলাদেশকে জানিয়েছেন। এই নাটকের মাধ্যমে চলতি বছরের প্রথম নাটক নিয়ে হাজির হয়েছেন পরিচালক জিয়াউদ্দিন আলম।
নাটকটি নিয়ে তিনি বলেন, শোবিজে এখন অস্থির সময় চলছে। পারিবারিক অশান্তির কারণে যাহের আলভীর স্ত্রী ইকরা আত্মহত্যা করেছেন বলে গণমাধ্যমে এসেছে। এমন সময় নাটকটি মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান। যদিও অনেক দিন আগেই এটি নির্মিত হয়েছিল। অহনা ও রাশেদ সীমান্ত নোয়াখালীর ভাষায় দারুণ অভিনয় করেছেন। এই নাটকে তারা ছাড়া অন্যরা সবাই বৃহত্তর নোয়াখালীর অভিনয়শিল্পী ও কনটেন্ট ক্রিয়েটর। আশা করছি, নাটকটি সবার পছন্দ হবে।
‘অশান্তির সংসার’ নাটকে বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন আমিন আজাদ, রাসেল আর এস, ফরিদুল ইসলাম পাভেল, তানভীর রাহি, জিল্লু রহমান, অধরা নেহারিকা প্রমুখ। নাটকটির আবহ সংগীত করেছেন তানজিল হাসান।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন