ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পানিতে ডুবে মারা গেলেন জনপ্রিয় অভিনেতা রাহুল

বিনোদন ডেস্ক
প্রকাশিত: মার্চ ২৯, ২০২৬, ০৮:১৯ পিএম
ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। ছবি সংগৃহীত

‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারিয়েছেন ভারতের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়।

রোববার (২৯ মার্চ) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দ বাজার।

জানা গেছে, রোববার (২৯ মার্চ) দিঘার ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করছিলেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। এক পর্যায়ে পানিতে নামেন তিনি। পানিতে তলিয়ে গেলে টেকনিশিয়ানরা উদ্ধার করেন তাকে। তবে হাসপাতালে যাওয়ার আগেই তার মৃত্যু হয়। 

অভিনেতা ভাস্কর বন্দ্যোপাধ্যায় বলেন, ধারাবাহিকের সকলে দিঘার তালসারিতে শুটিং করতে গিয়েছিলেন। জলে ডুবে রাহুলের মৃত্যু হয়েছে। ঘটনাটি শুটিং শেষে ঘটেছে। তবে ঠিক কীভাবে ঘটেছে তা এখনো স্পষ্ট নয়। তবে বেশ কিছুক্ষণ পানির নিচে ছিলেন তিনি। অনেকটা সময় পেরিয়ে গেলেও তিনি না ফেরায় তখন তাকে আনতে যাওয়া হয়।

তিনি বলেন, আমরা শুটিং করে মধ্যাহ্নভোজ করতে গিয়েছিলাম। রাহুল আরও কয়েকটি শট দিয়ে আসবেন বলে জানিয়েছিলেন। কিন্তু এমন কিছু ঘটে যাবে আমরা ভাবতেও পারিনি। 

উল্লেখ্য, প্রিয়ঙ্কা সরকারের সঙ্গে জুটি বেঁধে ‘চিরদিনই তুমি যে আমার’ সিনেমার মধ্য দিয়ে বড়পর্দায় অভিষেক হয় রাহুলের। প্রিয়ঙ্কা সরকারের সঙ্গেই প্রেম ও বিবাহ বন্ধনে আবদ্ধ হন তিনি। তাদের এক পুত্রসন্তানও রয়েছে। সম্প্রতি ‘অ্যাকাডেমি অব ফাইন আর্টস’-এ অভিনয় করেছিলেন তিনি। বর্তমানে তিনি ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকে অভিনয় করছিলেন।