ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘চুপিচুপি’ দিয়ে আত্মপ্রকাশ করল ‘আর্টবক্স মিউজিক’

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৩:০৮ পিএম
ছবি : সংগৃহীত

বাংলা সংগীতাঙ্গনে অডিও ও ভিডিও প্রযোজনায় নতুন সংযোজন হিসেবে আত্মপ্রকাশ করেছে আর্টবক্স মিউজিক। প্রতিষ্ঠানটি তাদের প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ শিরোনামে মিউজিক ভিডিও প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে।

প্রতিষ্ঠানটির কর্ণধার চিকিৎসক ও কণ্ঠশিল্পী সম্পা দেওয়ান। পেশাগত জীবনের পাশাপাশি দীর্ঘদিনের সংগীতচর্চা ও সৃজনশীল অভিজ্ঞতা থেকেই তার এই উদ্যোগ। তিনি জানান, মানসম্মত সংগীত ও নান্দনিক ভিডিও নির্মাণের লক্ষ্য নিয়েই আর্টবক্স মিউজিকের যাত্রা।

জানা গেছে, সম্পা দেওয়ানের কণ্ঠে ইতোমধ্যে প্রায় ৫০টি গানের মিউজিক ভিডিও নির্মাণ সম্পন্ন হয়েছে। পর্যায়ক্রমে সেগুলো প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির লক্ষ্য সম্পর্কে জানা যায়, উদীয়মান শিল্পীদের জন্য একটি পেশাদার ও সৃজনশীল প্ল্যাটফর্ম তৈরি করা। নতুন কণ্ঠশিল্পীদের সুযোগ দেওয়ার পাশাপাশি উচ্চমানের অডিও-ভিডিও প্রযোজনার মাধ্যমে সংগীতাঙ্গনে ইতিবাচক পরিবর্তন আনতে চায় আর্টবক্স মিউজিক।

প্রথম প্রযোজনা ‘চুপিচুপি’ গানটির গীতিকার ও সুরকার রোহান রাজ। সংগীত পরিচালনা করেছেন পলাশ ফারুকী। ভিডিও নির্মাণে দিকনির্দেশনা দিয়েছেন সৌমিত্র ঘোষ ইমন। মডেল হিসেবে অভিনয় করেছেন সৌরভ ও রেশমি। পুরো প্রকল্পের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আর্টবক্সের ক্রিয়েটিভ ডিরেক্টর এস কে সমীর।

সম্পা দেওয়ান বলেন, ‘আর্টবক্স মিউজিক শুধু একটি প্রযোজনা প্রতিষ্ঠান নয়; এটি আমাদের স্বপ্নের বাস্তব রূপ। আমার গাওয়া গানগুলো ধাপে ধাপে প্রকাশের পাশাপাশি নতুন শিল্পীদের নিয়েও ধারাবাহিকভাবে কাজ করব।’

তিনি আরও জানান, ভবিষ্যতে প্রতিষ্ঠানটি শুধু গানেই সীমাবদ্ধ থাকবে না; নাটক ও ড্রামা নির্মাণের পরিকল্পনাও রয়েছে। মানসম্মত গল্প, চিত্রনাট্য ও নির্মাণশৈলীর মাধ্যমে বিনোদন জগতে স্বতন্ত্র অবস্থান গড়ে তোলাই তাদের লক্ষ্য।

নির্মাতাদের প্রত্যাশা, ‘চুপিচুপি’ গানটি শ্রোতাদের কাছে ইতিবাচক সাড়া পাবে এবং আর্টবক্স মিউজিকের পথচলা হবে সফল ও দীর্ঘস্থায়ী।