দীর্ঘ দেড় দশকের এক অবিচ্ছেদ্য সুরের সখ্যতা ছিন্ন হলো। কিংবদন্তি ব্যান্ড সংগীতশিল্পী জেমসের দীর্ঘদিনের সঙ্গী গিটারিস্ট সুলতান রায়হান খান রানা ‘নগর বাউল’ থেকে আনুষ্ঠানিকভাবে বিদায় নিয়েছেন। তার প্রস্থানে মঞ্চে জেমসের পাশে গিটারের সেই চেনা ঝংকার আর শোনা যাবে না। তবে এই শূন্যতা খুব বেশি দীর্ঘস্থায়ী হতে দেননি জেমস; রানার স্থলাভিষিক্ত হয়েছেন প্রতিভাবান গিটারিস্ট ইসমামুল ফরহাদ এলিন।
জেমসের দীর্ঘদিনের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই নগর বাউলের সাথে রানাকে দেখা যাচ্ছিল না। এমনকি গত পহেলা বৈশাখে পাবনার কনসার্টেও তিনি দলের সাথে ছিলেন না। সব মিলিয়ে পারস্পরিক আলোচনার মাধ্যমেই তিনি ব্যান্ড ছাড়ার সিদ্ধান্ত নেন।
অন্যদিকে, গত মার্চ মাস থেকেই আনুষ্ঠানিকভাবে দলের সাথে যুক্ত হয়েছেন ইসমামুল ফরহাদ এলিন। পাবনার সেই বৈশাখী কনসার্টেই জেমসের সাথে প্রথমবার গিটার হাতে মঞ্চ মাতাতে দেখা গেছে তাকে।
এর আগে বিভিন্ন স্বনামধন্য ব্যান্ডের সাথে কাজ করার অভিজ্ঞতা রয়েছে এলিনের। ভক্তদের আশা, জেমসের মতো অভিজ্ঞ মহীরুহের সাথে এলিনের এই তারুণ্যদীপ্ত গিটারের সুর নগর বাউলকে এক নতুন উচ্চতায় নিয়ে যাবে। কিংবদন্তি জেমসের হাত ধরে এই পরিবর্তনের মাধ্যমে ব্যান্ডটি তাদের দীর্ঘ সংগীতযাত্রায় এক নতুন অধ্যায়ের সূচনা করল।
নতুন পরিবর্তনের পর বর্তমানে নগর বাউল ব্যান্ডের লাইনআপে যারা রয়েছেন: মাহফুজ আনাম জেমস (ভোকাল ও গিটার), আহসান এলাহী ফান্টি (ড্রামস), তালুকদার সাব্বির শাওন (গিটার), ইসমামুল ফরহাদ এলিন (গিটার)
সুর আর সাধনার এই নতুন পথচলায় জেমস ও তার দল আবারও শ্রোতাদের মাতাবে-এমনই প্রত্যাশা গানপাগল মানুষের।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন