ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যে প্রক্রিয়ায় মিলবে ‘গানম্যান’

রূপালী ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২৩, ২০২৫, ০৫:৪১ পিএম
এআই দিয়ে তৈরি। ছবি- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে দেশে বেশ কয়েকটি ঘটনাকে কেন্দ্র করে নিরাপত্তার কথা বিবেচনায় প্রথম আলো ও ডেইলি স্টার সম্পাদকসহ ২০ জনকে গানম্যান দেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। এরপর থেকেই নিজেদের নিরাপত্তার স্বার্থে অনেকেই গানম্যান বা বন্দুকধারী চেয়ে আবেদন করছেন। এমন পরিস্থিতে যে-কেউ চাইলেই আবেদন করতে পারবেন গানম্যানের জন্য, কারা পাবেন গানম্যান, কোন কোন প্রক্রিয়া শেষে মিলবে গানম্যান, এমন প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে জনমনে। 

বাস্তব চাহিদা ও সীমাবদ্ধতা

বাংলাদেশে বন্দুকধারী আবেদন করতে কোনো বানিজ্যিক বা আর্থিক লেনদেনের প্রয়োজন পড়ে না। এটি একটি আইনি ও অত্যন্ত নিয়ন্ত্রিত প্রক্রিয়া। নিরাপত্তা প্রয়োজনের ভিত্তিতে বন্দুকধারী বা নিরাপত্তা কর্মী বরাদ্দ করে সরকার। সরকারি নীতি অনুযায়ী, বন্দুকধারী শুধুমাত্র অস্ত্রধারী নিরাপত্তা কর্মী হিসেবে নিযুক্ত হয় এবং তার অস্ত্র নিজের মালিকানায় থাকে না। আবেদনকারীকে প্রমাণ করতে হবে প্রাণনাশের বাস্তব ঝুঁকি আছে।

কী কী কাগজপত্রের প্রয়োজন?

একজন আবেদনকারীকে সাধারণত নিচের কাগজপত্র প্রস্তুত করে জেলা প্রশাসক কার্যালয়ে জমা দিতে হয়:

  • জাতীয় পরিচয়পত্র
  • বাসা/অফিসের ঠিকানা
  • হুমকির প্রমাণ হিসেবে থানায় করা জিডি/মামলার কপি
  • আবেদনপত্রে ঝুঁকির বিস্তারিত বিবরণ

পুলিশ ভেরিফিকেশন: চূড়ান্ত ধাপ

অনেক আবেদন যাচাই পর্বে থামিয়ে দেওয়া হয়। যদি দেখা যায় আবেদনকারীর বিরুদ্ধে পূর্বে কোনো ফৌজদারি মামলা, অস্ত্র অপরাধ বা অনৈতিক কার্যকলাপের সম্পৃক্ততা রয়েছে। তবে যারা সত্যিকার হুমকির মুখে তাদের ক্ষেত্রে পুলিশ ও গোয়েন্দা সংস্থার দিক থেকে যাচাই-বাছাই শেষে বন্দুকধারী বরাদ্দের সুপারিশ করা হয়।

বিকল্প পথ

বন্দুকধারী পেতে ব্যর্থ বা আইনি ঝুঁকি এড়াতে অনেকেই বর্তমান সময় অস্ত্রহীন নিরাপত্তা কর্মী নিয়োগ, লাইসেন্সপ্রাপ্ত প্রাইভেট সিকিউরিটি সেবা বা চৌকস পুলিশ প্রটেকশনের পথ বেছে  নিচ্ছেন। এই সেবাগুলোতে কম ঝুঁকি থাকায় ব্যাপক চাহিদা দেখা যাচ্ছে।