ঢাকা বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফ্রিতে ২ লাখ টাকার আইটি প্রশিক্ষণ, কোর্স শেষে চাকরির সুযোগ

রূপালী ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ২, ২০২৬, ০২:২৯ এএম
ছবি: সংগৃহীত

দেশ ও বিদেশে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে আইটি স্কলারশিপ প্রোগ্রামের ৭২তম রাউন্ডে শিক্ষার্থী ভর্তি নিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক–বাংলাদেশ ইসলামিক সলিডারিটি এডুকেশন ওয়াক্ফ (আইএসডিবি-বিআইএসইডব্লিউ)। এই প্রোগ্রামের আওতায় নন-আইটি ব্যাকগ্রাউন্ডের স্নাতকধারী শিক্ষার্থীরা সম্পূর্ণ বিনামূল্যে আইটি প্রশিক্ষণ নেওয়ার সুযোগ পাচ্ছেন।

বর্তমান চাকরির বাজারের চাহিদা অনুযায়ী আইএসডিবি-বিআইএসইডব্লিউ নিয়মিতভাবে কোর্সসমূহ হালনাগাদ করে থাকে। এ প্রোগ্রাম থেকে প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থীদের প্রায় ৯২ শতাংশ দেশ-বিদেশে বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন।

আইএসডিবি-বিআইএসইডব্লিউ বাংলাদেশ সরকার ও সৌদি আরবের জেদ্দাভিত্তিক ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত একটি প্রতিষ্ঠান। তথ্যপ্রযুক্তি ও কারিগরি শিক্ষাখাতে কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠানটি নিজস্ব অর্থায়নে কর্মমুখী শিক্ষা কার্যক্রম ও বিভিন্ন প্রকল্প প্রণয়ন, অর্থায়ন ও বাস্তবায়ন করে আসছে।

প্রতিষ্ঠানটি গত ১৯ বছর ধরে এই স্কলারশিপ প্রোগ্রাম পরিচালনা করছে। এ পর্যন্ত এই কর্মসূচির মাধ্যমে ১৭ হাজার ৬৬৩ জন আইটি পেশাজীবী তৈরি হয়েছে, যাঁরা বর্তমানে দেশে ও বিদেশে ৩ হাজার ২৫৪টিরও বেশি প্রতিষ্ঠানে কর্মরত আছেন।

এই প্রোগ্রামের আওতায় মোট ১৩টি কোর্সে স্কলারশিপ দেওয়া হচ্ছে।

সুযোগ-সুবিধা

এটি একটি সম্পূর্ণ বিনামূল্যের প্রশিক্ষণ কর্মসূচি, যার বাজারমূল্য প্রায় দুই লাখ টাকা। কোর্স সফলভাবে সম্পন্ন করার পর উত্তীর্ণ প্রশিক্ষণার্থীদের আইএসডিবি-বিআইএসইডব্লিউর ‘প্লেসমেন্ট সেল’-এর মাধ্যমে চাকরির সুযোগ করে দেওয়া হয়।

যা জানা প্রয়োজন

চলমান রাউন্ডে আবেদনের শেষ তারিখের মধ্যে প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। আগের কোনো রাউন্ডে আইএসডিবি-বিআইএসইডব্লিউর কোনো কোর্সে অংশগ্রহণকারী প্রার্থীর আবেদন গ্রহণযোগ্য হবে না। ডিপ্লোমাধারী প্রার্থীদের জন্য সব কোর্স কেবল ঢাকায় পরিচালিত হবে।

আবেদনের যোগ্যতা

আগ্রহী প্রার্থীকে স্নাতক বা ফাজিল, মাস্টার্স বা কামিলে অধ্যয়নরত হতে হবে। পাশাপাশি চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং (কম্পিউটার, টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিকস, সিভিল, আর্কিটেকচার, সার্ভে বা কনস্ট্রাকশন) পাস প্রার্থীরাও আবেদন করতে পারবেন।

স্নাতক ও সমমানদের জন্য কোর্সসমূহ

১. ওয়েব ও মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট (স্প্রিং বুট, অ্যান্ড্রয়েড ও ফ্লাটার)
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (লারাভেল, রিঅ্যাক্ট, ভিউ.জেএস ও ওয়ার্ডপ্রেস)
৩. ক্রস-প্ল্যাটফর্ম অ্যাপ ডেভেলপমেন্ট (এএসপি.নেট, অ্যাঙ্গুলার ও রিঅ্যাক্ট)
৪. ওরাকল ডেটাবেজ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট
৫. নেটওয়ার্ক সলিউশন অ্যান্ড সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৬. গ্রাফিকস, অ্যানিমেশন ও ভিডিও এডিটিং

চার বছর মেয়াদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য কোর্সসমূহ

১. আর্কিটেকচারাল অ্যান্ড সিভিল ক্যাড
২. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (লারাভেল ও রিঅ্যাক্ট)
৩. নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন
৪. গ্রাফিকস, ভিডিও এডিটিং ও মোশন গ্রাফিকস
৫. ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট (এএসপি.নেট)
৬. ক্লাউড কম্পিউটিং (ওরাকল অ্যাপেক্স)
৭. থ্রি-ডি ভিজুয়ালাইজেশন

আবেদনের প্রক্রিয়া

আগ্রহী প্রার্থীরা আইএসডিবি-বিআইএসইডব্লিউ স্কলারশিপের জন্য এই https://apply.isdb-bisew.info/ ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন

আবেদনের সময়সীমা

রাউন্ড–৭২-এর জন্য আবেদন করা যাবে আগামী ১৫ এপ্রিল ২০২৬ পর্যন্ত।