ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুরো রমজানে মাধ্যমিক বিদ্যালয় বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ০৯:০৬ এএম
হাইকোর্ট। ছবি : সংগৃহীত

পবিত্র রমজান মাসে দেশের মাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠান (ষষ্ঠ থেকে দশম শ্রেণি) খোলা থাকবে, নাকি পুরো মাস বন্ধ থাকবেএ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে আজ মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি)। এদিন শিক্ষা মন্ত্রণালয়ের করা আপিলের ওপর শুনানি অনুষ্ঠিত হবে, যার মাধ্যমে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এর আগে শিক্ষা মন্ত্রণালয় ২০২৬ শিক্ষাবর্ষের ছুটির তালিকা প্রকাশ করে, যেখানে রমজান মাসে মাধ্যমিক বিদ্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে পুরো রমজান মাসে বিদ্যালয় বন্ধ রাখার দাবি জানিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠানো হলেও তাতে সাড়া না পাওয়ায় বিষয়টি আদালতে গড়ায়। পরে এক আইনজীবী এ বিষয়ে হাইকোর্টে রিট আবেদন করেন।

রিটের শুনানি শেষে হাইকোর্ট সম্ভাব্য রোজা শুরুর তারিখ ১৮ ফেব্রুয়ারি থেকে নিম্ন মাধ্যমিক ও মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। হাইকোর্টের এ আদেশের পর শিক্ষা মন্ত্রণালয় বিদ্যালয়ে ছুটি ঘোষণা করবে বলে ধারণা করা হচ্ছিল।

তবে শিক্ষা মন্ত্রণালয় হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল করে। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) আপিল বিভাগের চেম্বার আদালত রমজান মাসে স্কুল বন্ধের বিষয়ে হাইকোর্টের দেওয়া নির্দেশনার ওপর স্থগিতাদেশ দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারাহ মাহবুব এ আদেশ প্রদান করেন।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক। তাকে সহায়তা করেন সহকারী অ্যাটর্নি জেনারেল মারিয়া তানজিমা। অন্যদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল এবং অ্যাডভোকেট তানজিনা ববি লিজা।

এর আগে গত ১৪ ফেব্রুয়ারি হাইকোর্টের একটি বেঞ্চ রমজান মাসে সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক এবং মাধ্যমিক বিদ্যালয় বন্ধ রাখার নির্দেশ দেন। বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মো. আসিফ হাসানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

রিট আবেদনের আগে গত ৫ জানুয়ারি সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইলিয়াস আলী মণ্ডল সরকারকে আইনি নোটিশ পাঠান। নোটিশে উল্লেখ করা হয়, বাংলাদেশের অধিকাংশ জনগণ মুসলমান হওয়ায় স্বাধীনতার পর থেকে রমজান মাসে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার একটি প্রচলিত প্রথা রয়েছে। এ ছাড়া সংবিধানের সংশ্লিষ্ট অনুচ্ছেদ অনুযায়ী প্রথা ও রীতিকেও আইনের অংশ হিসেবে বিবেচনা করা হয়।

এদিকে সম্প্রতি প্রকাশিত ২০২৬ সালের ছুটির তালিকা অনুযায়ী, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আগের বছরের তুলনায় ১২ দিন ছুটি কমানো হয়েছে এবং রমজানের ২১তম দিন পর্যন্ত বিদ্যালয় খোলা রাখার পরিকল্পনা করা হয়েছে। একইভাবে মাধ্যমিক ও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের ছুটিও কমানো হয়েছে এবং রমজানের উল্লেখযোগ্য অংশে ক্লাস চালু রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

অন্যদিকে সরকারি ও বেসরকারি কলেজের ছুটির তালিকায় মোট ৭২ দিন ছুটি রাখা হয়েছে, যার মধ্যে পুরো রমজান মাসই অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া মাদ্রাসাগুলোতে ইতোমধ্যে ১৫ ফেব্রুয়ারি থেকে রমজানের ছুটি শুরু হয়েছে।

রমজানে মাধ্যমিক বিদ্যালয় খোলা বা বন্ধ রাখা হবে কিনা, সে বিষয়ে আপিল বিভাগের আজকের শুনানির সিদ্ধান্তের দিকে এখন শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্ট সবার দৃষ্টি রয়েছে।