জনপ্রিয় সংগীতশিল্পী ও বিসিবি পরিচালক আসিফ আকবরের বিরুদ্ধে দায়ের করা মাদক মামলার রায় ঘোষণার দিন নির্ধারণ করেছেন আদালত। আগামী ৯ মার্চ যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায় ঘোষণা করা হবে। মঙ্গলবার (৩ মার্চ) ঢাকার ২য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক আয়েশা আক্তার মৌসুমী এ আদেশ দেন। একইদিন মামলায় সাক্ষ্য দেন সিআইডির পরিদর্শক শাহিনুল ইসলাম এবং তদন্ত কর্মকর্তা এসআই জামাল উদ্দিন।
রাষ্ট্রপক্ষের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ ওয়ালিউল ইসলাম তুষার জানান, সাক্ষ্যগ্রহণ পর্ব শেষ হয়েছে। আসামি আত্মপক্ষ সমর্থনে নিজেকে নির্দোষ দাবি করেছেন। আগামী ৯ মার্চ যুক্তিতর্ক শেষে রায় ঘোষণা করা হবে।
এর আগে ১৫ ফেব্রুয়ারি মামলার বাদী, সিআইডির এসআই প্রশান্ত কুমার সিকদার আদালতে সাক্ষ্য দেন। মামলার নথি অনুযায়ী, ২০১৮ সালের ৫ জুন রাতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের একটি মামলায় গ্রেপ্তারের সময় আসিফ আকবরের কার্যালয়ে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। পরবর্তীতে সেগুলো পরীক্ষা-নিরীক্ষার জন্য মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে পাঠানো হয়।
লাইসেন্স ছাড়া বিদেশি মদ নিজের দখলে রাখার অভিযোগে একই বছরের ২৩ জুলাই তেজগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তদন্ত শেষে ২০১৯ সালের ১৩ নভেম্বর তদন্ত কর্মকর্তা অভিযোগপত্র জমা দেন।
অভিযোগপত্র দাখিলের প্রায় ৫ বছর পর, ২০২৪ সালের ২৫ নভেম্বর ঢাকার প্রথম যুগ্ম মহানগর দায়রা জজ আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর নির্দেশ দেন। পরবর্তীতে গত বছরের ২০ মার্চ মামলাটি বর্তমান আদালতে বিচারের জন্য স্থানান্তর করা হয়।
রাষ্ট্রপক্ষের দাবি, উপস্থাপিত সাক্ষ্য-প্রমাণে আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছে। তবে আসিফ আকবর বর্তমানে জামিনে রয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে তার সর্বোচ্চ সাত বছরের কারাদণ্ড হতে পারে।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন