গুম অধ্যাদেশকে অপ্রয়োজনীয় আইন হিসেবে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, গুম অধ্যাদেশের আওতায় যে অপরাধের কথা বলা হয়েছিল, তা ইতোমধ্যে ট্রাইব্যুনাল আইনে অন্তর্ভুক্ত ছিল। ফলে একই বিষয়ে আলাদা আইন করে নতুন ট্রাইব্যুনাল গঠনের প্রয়োজন ছিল না। তার মতে, বিদ্যমান ট্রাইব্যুনাল আইনেই গুমের বিচার সম্ভব।
তিনি আরও বলেন, গুম অধ্যাদেশ বাতিল করে যদি তা ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত করা হয়ে থাকে, তবে এ উদ্যোগকে স্বাগত জানানো উচিত। এ জন্য তিনি আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
চিফ প্রসিকিউটর মনে করেন, ট্রাইব্যুনাল আইনের সঙ্গে বিষয়টি সংযুক্ত করা একটি সঠিক ও সময়োপযোগী সিদ্ধান্ত।
এদিকে, গুমের বিচারের পথ সুগম করতে জাতীয় সংসদে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ পাস হয়েছে। সংশোধনীর মাধ্যমে গুমকে মানবতাবিরোধী অপরাধ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে।
সংসদে বিলটি উত্থাপন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান এবং পরে তা কণ্ঠভোটে পাস হয়।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন