ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সুপ্রিম কোর্টে প্রথম দিনে ভার্চুয়ালি ৭০৭ মামলার শুনানি, নিষ্পত্তি ১৭৭টির

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: এপ্রিল ২৩, ২০২৬, ১০:৫১ এএম
ছবি: সংগৃহীত

জ্বালানি সংকটের পরিস্থিতি বিবেচনায় ভার্চুয়াল উপস্থিতিতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে প্রথম দিনে সর্বমোট ৭০৭ মামলা শুনানি হয়েছে। এর মধ্যে ১৭৭ মামলা নিষ্পত্তি করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) তথ্যপ্রযুক্তি ব্যবহার করে ভার্চুয়াল উপস্থিতিতে শুনানির মাধ্যমে আপিল বিভাগে (চেম্বার জজ আদালতসহ) ৯৫টি মামলার শুনানি ও ২১টি মামলা নিষ্পত্তি করা হয় এবং হাইকোর্ট বিভাগে ৬১২টি মামলার শুনানি ও ১৫৬টি মামলা নিষ্পত্তি করা হয়। সুপ্রিম কোর্টের উভয় বিভাগে সর্বমোট ৭০৭টি মামলা শুনানি ও ১৭৭টি মামলা নিষ্পত্তি হয়েছে।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।

বুধবার সকালে প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির আপিল বিভাগ বেঞ্চ ভার্চুয়াল উপস্থিতিতে বিচারিক কার্যক্রম শুরু হয়। এরপর হাইকোর্ট বেঞ্চগুলোর বিচারিক কার্যক্রম চলে ভার্চুয়াল মাধ্যমে। এ ছাড়া বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার আদালত পরিচালিত হয় ভার্চুয়াল মাধ্যমে।

প্রধান বিচারপতির আদেশক্রমে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত ২০ এপ্রিলের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় আদালত কর্তৃক তথ্যপ্রযুক্তি ব্যবহার আইন-২০২০ এবং সুপ্রিম কোর্টের জারিকৃত প্র্যাকটিস নির্দেশনা অনুসরণ করে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সপ্তাহের প্রতি বুধবার ও বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের উভয় বিভাগে ভার্চুয়াল উপস্থিতিতে আদালত পরিচালিত হবে। সপ্তাহের অন্যান্য কার্যদিবসে শারীরিক উপস্থিতিতে আদালত পরিচালিত হবে।