সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে মানহানির দুটি মামলায় স্থায়ী জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজা।
রোববার (১৪ জুন) দুপুরের দিকে তিনি আদালতের এজলাসে প্রবেশ করেন। পরে জামিন আবেদনের শুনানি শেষে বিচারক সুমন কুমার সূত্রধর তার জামিন আবেদন মঞ্জুর করেন।
আদালতে তার পক্ষে শুনানি করেন আইনজীবী মো. আবু তালেব। অপরদিকে ছিলেন সিরাজগঞ্জ আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।
উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগে দায়ের করা মানহানির মামলায় কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর নেতা মুফতি আমির হামজাকে আট সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। ওই মামলায় স্থায়ী জামিন নিতে তিনি সিরাজগঞ্জের আদালতে আত্মসমর্পণ করেন। পরে আদালত তার আবেদন শুনে জামিন মঞ্জুর করেন।
অন্যদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে আরাফাত রহমান কোকোকে নিয়ে কটূক্তিমূলক বক্তব্য দেয়ার অভিযোগে তার বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছিলেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি শামীম খান। সেই মামলাতেও তাকে স্থায়ী জামিন দিয়েছেন আদালত।
মুফতি আমির হামজার আত্মসমর্পণকে কেন্দ্র করে সকাল থেকেই সিরাজগঞ্জ আদালত প্রাঙ্গণে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে সিরাজগঞ্জ জেলা পুলিশ।

