ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে কারাগারে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫, ১০:১৭ এএম
হত্যা মামলায় সুব্রত বাইনের মেয়েকে কারাগারে পাঠানো হয়। ছবি- সংগৃহীত

শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের মেয়ে খাদিজা ইয়াসমিন বীথিকে একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. হাসিবুজ্জামান তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

যুবদল নেতা মো. আরিফ সিকদার হত্যা মামলায় খাদিজাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক মো. মাজহারুল ইসলাম সাত দিনের রিমান্ড আবেদন করেন। তবে মামলার মূল নথি আদালতে না থাকায় রিমান্ড শুনানি গ্রহণ না করে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

একই সঙ্গে আগামী বৃহস্পতিবার রিমান্ড শুনানির দিন ধার্য করে সেদিন কারাগার থেকে খাদিজাকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তাকেও ওই দিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দেন আদালত।

হাতিরঝিল থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) এসআই আরিফ রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে সোমবার কুমিল্লা জেলা কারাগারের সামনে থেকে খাদিজা ইয়াসমিন বীথিকে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী।

রিমান্ড আবেদনে বলা হয়, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার মেয়ে খাদিজা এলাকায় আধিপত্য বিস্তার শুরু করেন। ২০২৪ সালের ৫ আগস্ট-পরবর্তী পরিস্থিতিতে খাদিজা ও তার পিতা মগবাজার ও হাতিরঝিল এলাকায় সন্ত্রাসী কার্যক্রম চালান। ভিকটিম আরিফ সিকদারকে তারা প্রতিপক্ষ মনে করতেন। এরই ধারাবাহিকতায় সুব্রত বাইন ও খাদিজার প্রত্যক্ষ প্ররোচনা ও পরিকল্পনায় আরিফকে হত্যা করা হয়। এ ঘটনায় খাদিজার সংশ্লিষ্টতার তথ্য-উপাত্ত পাওয়া গেছে বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়।

মামলার বিবরণে জানা যায়, গত ১৯ এপ্রিল রাতে রাজধানীর হাতিরঝিল থানাধীন নয়াটোলা মোড়ল গলির ‘দি ঝিল ক্যাফে’র সামনে যুবদল নেতা মো. আরিফ সিকদারকে গুলি করা হয়। গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ২১ এপ্রিল তার মৃত্যু হয়।

নিহত আরিফ সিকদার ঢাকা মহানগর উত্তর যুবদলের ৩৬ নম্বর ওয়ার্ডের সাবেক সহ-ক্রীড়া সম্পাদক ছিলেন।

এ ঘটনায় নিহতের বোন রিমা আক্তার বাদী হয়ে সুব্রত বাইনের সহযোগী মাহফুজুর রহমান বিপুসহ ১০ জনের বিরুদ্ধে হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। পরে আরিফ মারা গেলে মামলাটি হত্যা মামলায় রূপান্তর করা হয়। ইতোমধ্যে সুব্রত বাইনকে গ্রেপ্তার করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।